শেষ হচ্ছে শিশুদের চলচ্চিত্র উৎসব
আজ সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ‘দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। অনুষ্ঠানে সকল বিভাগের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে গত ২৪ জানুয়ারি শুরু হয় শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় এ আসরটি। সপ্তাহব্যাপী উৎসবে ছিল বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালা, সেমিনার ও আড্ডা। দেশজুড়ে ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের ২৯০টি শিশুতোষ চলচ্চিত্র অংশ নেয়। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সিনেমা দেখতে আসেন।
এবারের আয়োজনে আকর্ষণীয় বিভাগ ছিল বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। এই বিভাগে ৬০টি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে নির্বাচিত ২১টি ছবি প্রদর্শিত হয়। এই ২১টি চলচ্চিত্রের মধ্যে পাঁচটি ছবি পাবে পুরস্কার। পুরস্কারের জন্য গঠিত পাঁচ সদস্যের জুরি বোর্ডের সবাই শিশু কিশোর।
এবারের উৎসবে প্রথমবারের মতো থাকছে ‘চাইল্ড ফিল্ম মেকার সেকশন (ইন্টারন্যাশনাল) ’ বিভাগে পুরস্কার। আরও থাকছে বড়দের নির্মিত শিশুতোষ চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতা। থাকছে তরুণ নির্মাতাদের জন্য ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট অ্যাওয়ার্ড ও সোশ্যাল ফিল্ম অ্যাওয়ার্ড।
উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এর দশ জন প্রতিবন্ধী শিশু প্রদর্শনী উপভোগ করে। ঢাকার বাইরে রংপুরে ও রাজশাহীতে উৎসবটি আয়োজিত হয়।