শেষ হচ্ছে সেরাকণ্ঠের এবারের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের সংগীতপ্রতিভা অন্বেষণবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের এবারের আসর শেষ হচ্ছে কাল বুধবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা দশ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে সেরাকণ্ঠের মহা-উৎসব। এটি সেরাকণ্ঠের চতুর্থ আসর। বিভিন্ন রাউন্ড শেষে সেরা দশে টিকে থাকা প্রতিযোগীরা হলেন: অন্যা, বন্যা, বাপ্পি, বৃষ্টি, নীড়, সোহান, শাহীন, মেহেদী, মোনা ও বিপুল। তাঁদের মধ্য থেকেই কাল সন্ধ্যায় ঘোষণা করা হবে চ্যানেল আই সেরাকণ্ঠের এবারের আসরের চ্যাম্পিয়নের নাম। চ্যানেল আই সূত্রে জানা গেছে, সেরাকণ্ঠের মহা-উৎসবে থাকবে নানা চমক আর ভিন্নতা। স্বাধীনতার মাসে দেশাত্মবোধ ও দেশপ্রেম সামনে রেখে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার এবারের আসরের প্রধান তিন বিচারক হলেন; সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সেরাকণ্ঠের ২০০৯ সালের চ্যাম্পিয়ন কোনাল। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।কাল সন্ধ্যা সাতটায় সেরাকণ্ঠের মহা-উৎসব অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।চ্যানেল আই সেরাকণ্ঠের বিভিন্ন আসরের বিজয়ীরা হলেন: ঝিলিক (২০০৮), কোনাল (২০০৯) ও মুগ্ধ (২০১০)।