শেষ হচ্ছে 'দুলাভাই জিন্দাবাদ'

শেষ হচ্ছে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছায়াছবির শুটিং। আজ বৃহস্পতিবার শেষ দিনের শুটিং করছেন বলে জানালেন পরিচালক মনতাজুর রহমান আকবর। প্রথম আলোর সঙ্গে আলাপে এই পরিচালক বলেন, মাঝে বেশ কিছুদিন সিনেমার শুটিং বন্ধ ছিল। শেষমেশ শিডিউল ম্যানেজ করে এ মাসের শুরুতে কাজ শুরু করি। শেষ হচ্ছে ভেবে ভালোই লাগছে।’
‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিংয়ের কাজ শেষ হলেই সম্পাদনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানালেন পরিচালক। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাঁকে এই সিনেমায় একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অটিস্টিক ভাই ও একমাত্র বোনকে নিয়ে জীবনযুদ্ধে লড়াইয়ের একটি গল্প পর্দায় দর্শকেরা দেখতে পাবেন। ছবিটিতে মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন খল চরিত্রাভিনেতা ডিপজল।
এ বছরের ফেব্রুয়ারিতে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং শুরু হয়। এবারের লটে গান ও কয়েকটি দৃশ্যের কাজ করা হয়। ‘দুলাভাই জিন্দাবাদ’-এর মাধ্যমে প্রায় এক দশক পর মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিতে অভিনয় করলেন মৌসুমী। তাঁর মতে, অভিনয় ক্যারিয়ারের অনেক ব্যবসাসফল সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর ভাই। বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার সফল একজন নির্মাতাও। বহু বছর পর একসঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে।’
মৌসুমী বলেন, ‘বহুদিন ধরে পারিবারিক গল্পের সিনেমা খুব একটা হচ্ছিল না। এই সিনেমায় কাজ করে সে অতৃপ্তি ঘুচল বলা যেতে পারে।’ মৌসুমী ও ডিপজল ছাড়া ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী, মিম, আহমেদ শরীফ, দিলারা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ববি, জ্যাকি আলমগীর, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।