শেষ হচ্ছে ‘বিপাশার অতিথি’
বিপাশা হায়াতের উপস্থাপনায় শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’ শেষ হচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠানটির শেষ পর্ব প্রচারিত হবে।এ প্রসঙ্গে বিপাশা হায়াত জানিয়েছেন, ‘এ অনুষ্ঠানটির অভিজ্ঞতা আমার জীবনে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসেছেন তাঁদের বড় হয়ে ওঠার পেছনের কথা এবং কর্ম-ভাবনা প্রকাশ করেছেন তাঁরা। এ থেকে যদি দর্শকরা সংস্কৃতিচর্চার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা পান, তাহলেই অনুষ্ঠানটি অনেকাংশে সার্থক হবে। বিপাশা আরও জানান, অনুষ্ঠানটির প্রযোজক তারেক আখন্দের সহযোগিতা এবং দর্শকদের ভালো মানের অনুষ্ঠান দেবার নিরন্তর প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে।’বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বলেন, ‘প্রথম লটে ৬৬ তম পর্বে শেষ হচ্ছে ‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানটি। পরবর্তী লট নতুন ফরম্যাটে কিছুদিন পর আবার শুরু হবে। আশা করি, নতুন ভাবে শুরু হওয়া অনুষ্ঠানটি দর্শকদের আরও ভালো লাগবে।’ বাংলাভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক ও বিপাশার অতিথি অনুষ্ঠানের প্রযোজক তারেক আখন্দ বলেন, ‘বিপাশার অতিথি’ এবং এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘প্রিয় প্রাঙ্গণ’-এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে কিংবদন্তির অভিনেতা আনোয়ার হোসেনকে। এছাড়াও অভিনেত্রী রাণী সরকার এবং কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়াকেও সম্মাননা প্রদান করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই মহত্ উদ্যোগ থেকে সবাই উত্সাহিত হবে।’