শেষ হচ্ছে ‘বিবিসি বাজ’
আর তিনটি পর্ব প্রচারের পরই শেষ হচ্ছে বিবিসি বাজ। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের মতে, তরুণ প্রজন্মকে প্রভাবিত করা এবং তাদের ভাবনাচিন্তার প্রতিফলন ঘটানোর জন্যই বিবিসি বাজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ম্যাগাজিন অনুষ্ঠানটির এখন তৃতীয় সিরিজ এটিএন বাংলায় দেখানো হচ্ছে। অনুষ্ঠানটির উপস্থাপক আজরা জানান, আজকের অনুষ্ঠানে থাকছে ‘ইভ টিজিং প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকাই কি যথেষ্ট, নাকি সামগ্রিকভাবে নারীর প্রতি পুরুষের আচরণের পরিবর্তনটাই বেশি প্রয়োজন?’ বিষয়ের ওপর বিতর্ক। সঙ্গে আরও থাকছে একজন স্ট্রিট ম্যাজিশিয়ানের নেপথ্যের গল্প, সেলিব্রিটি রিপোর্ট, ডে ইন দ্য লাইফ, বাপ্পিস আননেসেসারি টিপস ও দ্য অ্যামেজিং অ্যাডভেঞ্চার অব রিংকু। বিবিসি বাজ অনুষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে আজরা বললেন, ‘আমার শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। এরপর কোরিওগ্রাফি, নাটকে অভিনয়সহ নানা কিছু করেছি। কিন্তু এই একটি মাত্র অনুষ্ঠান আমার পরিচিতিটা অনেক বাড়িয়ে দিয়েছে। এটা স্পষ্ট বুঝতে পারছি, অনুষ্ঠানটি অনেকেই দেখছেন। আরেকটা ব্যাপার হলো, এই দলের সবার মাঝে ছিল দারুণ পেশাদারি মনোভাব। এটা কিন্তু অন্য কোথাও সেভাবে দেখিনি।’আজরা আরও জানান, কোরিওগ্রাফি এখন তাঁর অন্যতম কাজ। পাশাপাশি এখন তিনি একটি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছেন। মডেলিংয়ে আগ্রহীদের জন্য শুরু করছেন গ্রুমিং স্কুল। আর এই দুটিই শুরু হচ্ছে আগামী বছরের গোড়ার দিকে।