
শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের মহড়াকক্ষ থেকে ভেসে আসছে নূপুরের ধ্বনি। শব্দের উৎস ধরে এগিয়ে গেলে দেখা গেল একদল শিল্পী অনুশীলনে ব্যস্ত। কাচঘেরা ঘরে উপস্থিত সবার নজর একজনের দিকে। তিনি মালতী শ্যাম। দিল্লিকেন্দ্রিক এই কত্থক শিল্পীর পরিচিতি ভারতজুড়ে। এমন গুণী একজন গুরু পেয়ে শিক্ষার্থীরা সবাই যেন হয়ে উঠেছেন ক্লাসের মনোযোগী শিক্ষার্থী।
নৃত্য সংগঠন নৃত্যাঞ্চলের আয়োজনে মালতী শ্যামের এই কত্থক নৃত্য কর্মশালাটি শুরু হয় গত ২১ জুন। তাতে অংশ নিয়েছেন নৃত্যাঞ্চলের ৭০ জন শিক্ষার্থী। গতকাল রোববার ছিল ১০ দিনের এই কর্মশালার শেষ দিন। এখান থেকে কী শিখলেন নবীনেরা, তা জানা যাবে আজ। সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে প্রশিক্ষণ নেওয়া এই নৃত্যশিল্পীরা আজ মেলে ধরবেন তাঁদের অর্জিত জ্ঞান। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে সঙ্গে নাচবেন মালতী শ্যামও। নৃত্যাঞ্চলের এই কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। শিবলী বসেছেন এক পাশে। একটু পরপর নবীনেরা এসে তাঁর কাছ থেকে খুঁটিনাটি ধারণা নিচ্ছেন।
শিবলী মহম্মদ জানালেন, প্রতিবছরই নৃত্যাঞ্চল একজন করে খ্যাতনামা গুরুকে নিয়ে কর্মশালার আয়োজন করে। সেই ধারাবাহিকতায় এবার কর্মশালা পরিচালনা করলেন বর্তমানে ভারতের আলোচিত কত্থক নৃত্যশিল্পী মালতী শ্যাম। শিবলী বলেন, ‘রমজান মাসের এই সময় স্কুল বন্ধ থাকার সুযোগে কর্মশালাটি সম্পন্ন করলাম। আর এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের শাণিত করে। এবারের কর্মশালায় তারা কত্থকের অনেক বিষয়ে নতুন করে জ্ঞান নিয়েছে।’
সুযোগ বুঝে মালতী শ্যামের কাছে যাই। তাঁর তো সময় নেই। কর্মশালায় অংশ নেওয়া বাংলাদেশের নবীন শিল্পীদের সম্পর্কে তাঁর ধারণা বেশ ভালো। বললেন, ‘ওরা আমাকে মুগ্ধ করেছে। একটা মুদ্রা দেখিয়ে দিলে চট করে সেটা তুলে নিয়েছে। আমি নিজেও আশা করিনি কত্থকের জটিল করণকৌশলগুলো এই শিক্ষার্থীরা এত সহজেই আয়ত্ত করবে। নাচের প্রতি এদের নিবেদিত মনঃসংযোগ দেখে অভিভূত হয়েছি। প্রত্যেকের ভেতর কাজ করেছে প্রবল অনুপ্রেরণা। এমনকি বাচ্চারাও!’
মালতী বলেন, ‘এই নৃত্য শিক্ষার্থীদের দেখে উপলব্ধি হলো যে ভারতের বাইরে কত্থকের যথেষ্ট চর্চা হচ্ছে। এমনকি ভারতেও শিখতে আগ্রহী এমন নিবেদিতপ্রাণ নৃত্য শিক্ষার্থীর তেমন দেখা পাই না। এখন মনে হচ্ছে, একসময় এই দেশ থেকেও উঁচুমানের কত্থক নৃত্যশিল্পী বেরিয়ে আসবে।’
বাংলাদেশ ও এ দেশের মানুষ প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘এখানে এলে মনে হয় নিজের ঘরে এসেছি। এ দেশের মানুষের অনেক অনেক ভালোবাসা সঙ্গে নিয়ে কাল মঙ্গলবার নিজ দেশে ফিরে যাব।’
কথা শেষে ফিরে আসতে আসতে প্রশ্ন জাগে, আজকের অনুষ্ঠান দেখার সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে!