শেষ হলো চার দিনের আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি আঁকায় মগ্ন ​শিল্পী নাজলি নায়লা মনসুর
ছবি আঁকায় মগ্ন ​শিল্পী নাজলি নায়লা মনসুর

‘জীবনের জন্যে শিল্প’ শিরোনামে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের খ্যাতিমান ৪০ জন চিত্রশিল্পীকে নিয়ে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে আর্ট ক্যাম্পের আয়োজন করেছিল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড ফাউন্ডেশন।
ল্যাবএইডের সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট কমিউনিকেশন) এবং এই ক্যাম্পের সমন্বয়কারী সাইফুর রহমান লেনিন জানান, সুন্দরবনে হিরণ পয়েন্ট, কটকা, দুবলার চরসহ দর্শনীয় সব স্থানে শিল্পীরা ছবি এঁকেছেন, আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, গান করেছেন।
২০০৯ সালের ১১ জানুয়ারি তিন দিনব্যাপী প্রথম আর্ট ক্যাম্পের আয়োজন করা হয় সেন্ট মার্টিন দ্বীপে। এটি ছিল চতুর্থ আর্ট ক্যাম্প।
আর্ট ক্যাম্পের অভিজ্ঞতা জানাতে গিয়ে কলকাতা থেকে আসা শিল্পী সমীর দত্ত বলেন, ‘ভাসমান তরীতে সবাই মিলে একসাথে থাকা আর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রকৃতির সাথে মিশে ছবি আঁকা নিঃসন্দেহে চমকপ্রদ।’
এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, মনসুর উল করিম, রেজাউল করিম, আবদুল মান্নান, আবুল বারক আলভী, বীরেন সোম, আবদুস শাকুর শাহ, নাজলী নায়লা মনসুর, সমীর দত্ত, নাঈমা হক, তরুণ ঘোষ, বিপুল শাহ প্রমুখ।
‘প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে জ্যেষ্ঠ ও তরুণ ৪০ জন শিল্পীর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাই অন্য রকম।’ চার দিনের আর্ট ক্যাম্প শেষে কথাগুলো বলছিলেন দেশবরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।