শেষ হলো নান্দীমুখের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নাট্যদল রঙ্গাশ্রমের প্রতারক নাটকের একটি দৃশ্য
ভারতের নাট্যদল রঙ্গাশ্রমের প্রতারক নাটকের একটি দৃশ্য

চারদিকে উৎসবের আমেজ। নানা রঙের ব্যানার-ফেস্টুনে ভরপুর। এতে শোভা পাচ্ছে দেশ-বিদেশের বেশ কিছু জনপ্রিয় নাটকের স্থিরচিত্র। রয়েছে নামী নাট্যকার ও নির্দেশকদের সংক্ষিপ্ত জীবনীও। সন্ধ্যা নামতেই শুরু হলো আলোর খেলা। নান্দীমুখের দক্ষিণ এশিয়া নাট্যোৎসবের সমাপনী দিনে এভাবেই সাজানো হয়েছিল নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ।
নাট্যসংগঠন নান্দীমুখের পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় নয় দিনব্যাপী এই উৎসব।ÿ ১০ জানুয়ারি উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় ভারতের রঙ্গাশ্রম নাট্যদলের নাটক প্রতারক।
প্রতারক নাটকের কাহিনি আবর্তিত হয় হান ভাঁ মিগেরেঁও নামের এক ডাচ চিত্রশিল্পীকে ঘিরে। নাটকে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান সেনানায়ক গোয়েরিংয়ের কাছ থেকে অ্যাডালট্রেস নামের একটা পেইন্টিং উদ্ধার হয়। যেটা সপ্তদশ শতকের ডাচশিল্পী ভেরমিয়রের আঁকা। নেদারল্যান্ডসের অ্যালায়েড আর্ট কমিশনের কর্মকর্তারা সেটি উদ্ধার করেন। ছবিটি উদ্ধারের পর শুরু হয় তদন্ত। ছবিটা কীভাবে গোয়েরিংয়ের কাছে গেল সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তদন্ত কর্মকর্তারা উপস্থিত হন নেদারল্যান্ডসের বিখ্যাত আর্ট ডিলার হান ভাঁ মিগেরেঁর কাছে। যিনি ছবি কেনাবেচা করে এখন কোটিপতি হয়েছেন। এখানে এসে জানা যায় কোনো একসময় ওই ছবিটা ছিল মিগেরেঁর সংগ্রহে। শুধু তাই নয়, ভেরমিয়র ছবিটা আঁকেননি, এটা মিগেরেঁরই আঁকা। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনি। নাটকটি রচনা করেছেন কৌশিক চট্টোপাধ্যায় এবং নির্দেশনায় ছিলেন সন্দ্বীপ ভট্টাচার্য।
নাট্যোৎসবের সমাপনী দিনে শিল্পকলার মুক্তমঞ্চে ছিল অনিমেষ চক্রবর্তীর একক গান। তিনি একে একে বেশ কয়েকেটি গজল পরিবেশন করেন মাতিয়ে রাখেন দর্শকদের। সন্ধ্যা সাতটায় ভারতের রঙ্গাশ্রম নাট্যদলের প্রতারক নাটক মঞ্চস্থ হয় শিল্পকলার মূল মিলনায়তনে। নাটক শেষে কথামালা নিয়ে মঞ্চে আসেন ভারতের নাট্যনির্দেশক সন্দ্বীপ ভট্টাচার্য। এরপর উৎসবের সমাপনী বক্তব্য দেন নান্দীমুখের দলনেতা অভিজিৎ সেনগুপ্ত। কথামালা পর্ব শেষে ফানুস উড়িয়ে ও ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হয় উৎসব।