শেষ হলো নিউইয়র্ক বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক বাংলা উৎ​সব ও বইমেলার উদ্বোধন করছেন
নিউইয়র্ক বাংলা উৎ​সব ও বইমেলার উদ্বোধন করছেন

শেষ হলো তিন দিনের আন্তর্জাতিক বাংলা উৎসব ও ২৫তম বইমেলা। গত শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ ফিতা কেটে এ উৎসব ও মেলার উদ্বোধন করেন লেখক সেলিনা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কবি গুলতেকিন খান, পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক আনিসুল হক, ভয়েস অব আমেরিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোকেয়া হায়দার, প্রকাশক মাযহারুল ইসলাম, ছড়াকার লুৎফুর রহমান রিটন, লেখক জসিম মল্লিক, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানসহ পশ্চিমবঙ্গ থেকে আসা রঞ্জন বন্দ্যোপাধ্যায়, কমলিনী মুখোপাধ্যায়সহ বেশ কয়েকজন কবি ও সাহিত্যিক।
সেলিনা হোসেন বলেন, ‘২৫ বছর ধরে প্রবাসে বাংলার যে সংগ্রাম চলছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা চাই পৃথিবীতে বাংলার জয় হোক।’ এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উৎসব ও মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা, সংক্ষিপ্ত বক্তব্য দেন মেলার আহ্বায়ক লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস। এবারের বইমেলা ও বাংলা উৎসবক মুক্তবুদ্ধির চর্চাকারীদের উৎসর্গ করার ঘোষণা দেওয়া হয়। বইমেলা উদ্বোধনের আগে ডাইভার্সিটি প্লাজায় শোভাযাত্রা-পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কনসাল জেনারেল শামীম আহসান। বইমেলায় একাত্তরের সহযোদ্ধা হিসেবে ডেভিড নেলিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন খ্যাতিমান এই মার্কিন চিকিৎসাবিজ্ঞানী। ওই বছরের জুলাই মাসে বাল্টিমোরে পাকিস্তানি অস্ত্রবাহী জাহাজ পদ্মা বন্দরে প্রবেশ করলে এর বিরুদ্ধে বিক্ষোভকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
বিশ্বজিৎ সাহা বলেন, মেলা উপলক্ষে কলকাতা ও ঢাকা থেকে প্রকাশকেরা এসেছেন। প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বইমেলা ও বাংলা উৎসব নিয়ে। যুক্তরাষ্ট্রের দূরের অঙ্গরাজ্য, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে লেখকেরা এসেছেন নিউইয়র্কে। বইমেলা ও বাংলা উৎসব শেষ হয় গত রোববার।