বৃষ্টির জারি আর মাঙনের গীত গেয়ে শিন্নির রসদ সংগ্রহের সময় ভাববিনিময় হয় সাজু ও রূপাইয়ের। বিয়ের পর একরাতে সাজু দুঃস্বপ্ন দেখে, ঘন অন্ধকারে এক অচেনা দেশে রূপাই হারিয়ে যাচ্ছে, আর ফিরবে না কোনো দিন। এর কিছুদিন পর চর দখলকে কেন্দ্র করে মানুষ খুন হলে রূপাই ফেরার হয়। শুরু হয় সাজুর দুঃখময় বিরহ সময়। সাজু তার নকশিকাঁথায় নানা বরনের সুতায় সুতায় এঁকে রাখে বুকে জমা সব ব্যথা।
ঘাটু গানের আঙ্গিকে বুনন থিয়েটারের নকশী কাঁথার মাঠ নাটকের গল্প এটি। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে নাটকটির প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো নিরাভরণ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের দ্বিতীয় ও শেষ পর্ব। কবি জসীমউদ্দীনের কাব্য থেকে নেওয়া নাটকটি নির্দেশনা দিয়েছেন আ ন ন জামান।
‘শরৎ শীতের সন্ধি সাঁজে, নিরাভরণ শাঁখ বাজে’ শীর্ষক উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় গত শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। উদ্বোধনীতে নিরাভরণ থিয়েটার পরিবেশন করে সামন্ত নথি। পরদিন রোববার একই স্থানে পরিবেশিত হয় মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন থেকে করা নিশিমন-বিসর্জন নাটকটি। গতকাল সোমবার সমাপনী পরিবেশনা ছিল নকশী কাঁথার মাঠ।