শেষ হলো বাংলা একাডেমির হীরক জয়ন্তী উৎসব

স্মৃতিচারণ, আলোচনা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক-প্রতিষ্ঠান বাংলা একাডেমির দু’দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসব শেষ হল। আজ শুক্রবার বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় হীরক জয়ন্তী’র সমাপনী অনুষ্ঠান।
শুক্রবার সমাপনী অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত বিশিষ্ট কবি এবং বাংলা একাডেমির সম্মানিত ফেলো ওমর আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ বলেন, বাংলা একাডেমি ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জ্ঞানের বহুকৌণিক চর্চায় যেভাবে ভূমিকা রেখে এসেছে, অনাগত দিনগুলিতে তা আরও বিস্তার লাভ করে বিশ্ববোধসম্পন্ন মানুষের সৃষ্টি ও বিকাশে ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ় আশাবাদী। হীরক জয়ন্তীতে আমাদের প্রত্যাশা বাংলা একাডেমি ক্রমশ হয়ে উঠবে বঙ্গীয় ও বিশ্বজ্ঞান-চর্চার এক অনন্য অঙ্গন।’
সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, দু’দিনব্যাপী বাংলা একাডেমির হীরক জয়ন্তী উৎসব ঘিরে যে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমাদের ভবিষ্যৎ-যাত্রার বিষয়ে আশাবাদী করে তোলে। বাংলা একাডেমি ঐতিহ্যের বিস্তার সাধনে বিগত ষাট বছরের মতো সামনের দিনগুলোতেও অবিচল থাকবে এবং তৃণমূলের সঙ্গে সংযোগ রেখে আন্তর্জাতিকতার মাত্রা অর্জনে প্রয়াসী হবে।
বাংলা একাডেমি ঘিরে স্মৃতিচারণ করে গবেষক ও লেখক মোহাম্মদ আবদুল কাইউম বলেন, ‘বাংলা একাডেমি প্রতিষ্ঠাকালীন সীমিত পরিধি ছাপিয়ে আজ এক বৃহৎ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তবে শুরুতে একাডেমি গবেষণামূলক কার্যক্রমের ওপর জোর দিলেও একই সঙ্গে সমকালীন নাট্যচর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনেও যুক্ত হয়েছে। একাডেমির বর্ধমান হাউস মঞ্চে অভিনীত হয়েছে মাইকেল মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’, সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’-এর মতো নাটক।
বাংলা একাডেমির প্রকাশন, মুদ্রণ ও বিক্রয় বিভাগের সাবেক পরিচালক, লেখক ফজলে রাব্বি বলেন, ‘স্মৃতি ও প্রীতিময় সময় কেটেছে বাংলা একাডেমিতে। বাংলাদেশের প্রকাশনা জগতের ইতিহাস লিখতে গেলে বাংলা একাডেমির প্রসঙ্গ আসবে। বুদ্ধিবৃত্তিক চর্চার এই মহৎ প্রতিষ্ঠানে এদেশের সেরা লেখকবৃন্দ যে পারিবারিক আবহে কাজ করেছেন, আড্ডা দিয়েছেন আজ তা আমাদের জাতীয় সাহিত্য-সংস্কৃতির ইতিহাসের অংশ।’
বাংলা একাডেমির ষাট বছর বিষয়ে এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, গবেষণা কার্যক্রম, বিজ্ঞান প্রকাশনা, ফোকলোর চর্চা, স্মারক প্রকাশনা এবং একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ইত্যাদি বিষয়ে সাতটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক শান্তনু কায়সার এবং বাংলা একাডেমির চারজন পরিচালক যথাক্রমে অপরেশ কুমার ব্যানার্জী, শাহিদা খাতুন, মো. মোবারক হোসেন, ড. জালাল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাঁওলী মিত্র, ভি বি গনেশন, বারিদবরণ ঘোষ, বিচারপতি কাজী এবাদুল হক, সৈয়দ হাসান ইমাম, ড. মনিরুজ্জামান, ড. রাজিয়া সুলতানা, ড. শফি আহমেদ, ড. বিপ্লব বালা, কবি রবীন্দ্র গোপ, কবি মোহাম্মদ সাদিক, কবি ইকবাল আজিজ, কবি অনামিকা হক লিলি, কবি হাসান হাফিজ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাহবুবা রহমান, ফারহানা শিরিন, মো. আনোয়ার হোসেন এবং সঞ্জয় কুমার দাস।