শেষ হলো বাংলাদেশ পথনাটক উৎসব
সোমবার বিকেলে ঢাকায় যানজটের ভয়াবহতা। এই ভয়াবহ যানজটের অনড় অবস্থানের মাঝে প্রকৃতির চিরন্তন নিয়মে বিকেলের দিকে তেজদীপ্ত সূর্যের উত্তাপ একটু কমে আসে। আর বিকেল গড়িয়ে গোধূলির লগ্নে এসে উত্তাপহীন কোমল সূর্যের আলোয় শুরু হয় ‘বাংলাদেশ পথনাটক উৎসব-২০১৬’-এর সমাপনী আয়োজন।
এই আয়োজনে সাতটি দলের ৭টি পথনাটক এবং বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে‘বাঙালি জাতির জীবনে ৭ই মার্চের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনের সপ্তাহব্যাপী এই আয়োজন।
আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সমাপনী আয়োজন। বিকেল পাঁচটায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শহর জুড়ে তীব্র যানজটের কারণে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয় ছয়টায়। ঢাকা নাট্যসংগঠন ‘গতি থিয়েটার’-এর ‘কদাকার‘ শিরোনামের নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে শুরু হয় এই আয়োজন। নাটকটির রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। এ নাটকটি শেষে শুরু হয় ‘বাঙালি জাতির জীবনে ৭ই মার্চের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-আইটিআই (ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট)-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং নাট্যকার ও নাট্যনির্দেশক লাকী ইনাম।
পথনাটক পরিষদের সভাপতি নাট্যকার মান্নান হীরার সভাপতিত্বে এ আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।
আলোচনা শেষে পুনরায় শুরু হয় পথনাটক প্রদর্শন। এ নাট্যোৎসবের শেষদিনের এ আয়োজনে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী, নাট্যদীপ, সিলেটের বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, ভিশন থিয়েটার, সুবচন নাট্য সংসদ ও মানস নাট্য অঙ্গন’ প্রদর্শন করে তাদের প্রযোজনার পথনাটক পরিবেশন করে।