শেষ হলো মঞ্চমুকুটের জমজমাট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চমুকুট নাট্যদলের প্রথম পার্থ নাটকের দৃশ্য l ছবি: প্রথম আলো
মঞ্চমুকুট নাট্যদলের প্রথম পার্থ নাটকের দৃশ্য l ছবি: প্রথম আলো

নাটক, গান, আবৃত্তি, নাচ ও কথামালার মধ্য দিয়ে জমজমাট চার দিনব্যাপী নাট্যোৎসব শেষ করল চট্টগ্রামের নাটকের দল মঞ্চমুকুট। উৎসবে প্রতিদিন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক এবং মিলনায়তনে নাটক মঞ্চস্থ হয়।
গতকাল সোমবার শেষ দিনে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় বুদ্ধদেব বসু রচিত নাটক প্রথম পার্থ। বিকেল চারটায় মুক্তমঞ্চে ছিল সাংস্কৃতিক আয়োজন। নটরাজ নৃত্যাঙ্গন ও ওডিশি অ্যান্ড ট্যাগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার এখানে দলীয় নৃত্য পরিবেশন করে। পাশাপাশি আবৃত্তি ও সংগীত পরিবেশন করে স্বরনন্দন প্রমিত বাঙলাচর্চা কেন্দ্র ও চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা।
চট্টগ্রামের মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত বছরের ২১ মার্চ থেকে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। চার দিনের এই উৎসবটি ছিল এই আয়োজনের শেষ কর্মসূচি।
গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটে নাট্যজন মামুনুর রশীদ উৎসবের উদ্বোধন করে বলেন, ‘চট্টগ্রামের মানুষ সংস্কৃতি এবং নাট্যপ্রিয়। তাই অনেক না পাওয়ার মধ্যেও থিয়েটার ইনস্টিটিউটের মতো আধুনিক সুবিধাসংবলিত একটি প্রতিষ্ঠান চট্টগ্রামে গড়ে উঠেছে।’
উৎসবের প্রথম দিন আন্তন চেখভের বিয়ে নাটকটি প্রদর্শিত হয়। এই নাটকের নিদের্শক সুচরিত দাশ। ২৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত সফদর হাশমির নাটক লেখাপড়া করে যে এবং পথনাটক আদাব। ১ মার্চ তৃতীয় দিন মঞ্চস্থ হয় শম্ভু মিত্রের রূপান্তরে ইবসেনের নাটক পুতুলখেলা।

তথ্যমন্ত্রী ও জুরিবোর্ডের সঙ্গে বিজয়ী নির্মাতারা
তথ্যমন্ত্রী ও জুরিবোর্ডের সঙ্গে বিজয়ী নির্মাতারা

বেঙ্গলের পাঁচ ছবি
ভারতীয় চলচ্চিত্র আমদানির বিতর্কে যখন ঢাকাই সিনেমা তোলপাড়, তখন একটি সুখবর এল বাংলাদেশের সিনেমার জন্য। নবীন নির্মাতাদের উৎসাহিত করতে ২০১৩ সালের জুন মাসে বেঙ্গল ফাউন্ডেশন একটি প্রকল্প চালু করে, যার নাম ‘বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম’। আগ্রহী নির্মাতাদের চিত্রনাট্য জমা দিতে বলা হয়। সাহিত্যিক সৈয়দ শামসুল হক, নির্মাতা মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, নূরুল আলম আতিক ও কবি সাজ্জাদ শরিফের জুরিবোর্ড জমা পড়া ১২৬টি চিত্রনাট্য থেকে পাঁচটি বাছাই করেছে। এসব চলচ্চিত্র নির্মাণে অর্থসহায়তা দেবে বেঙ্গল ফাউন্ডেশন।
গত রোববার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয় ক্যাফেতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাঁচ নির্মাতা ও তাঁদের চলচ্চিত্রের নাম ঘোষণা করলেন। পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র হিসেবে মনোনীত হয়েছে সৈয়দা নিগার বানুর নোনা পানি, রতন পালের ইসমাইলের মা, আদনান কবিরের ইতি পলাশ, আশুতোষ সুজনের অপেক্ষা। সঙ্গে আছে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রও, হুমায়রা বিলকিসের মাই লং রোড টু স্কুল।
জুরিবোর্ডের পক্ষে মানজারে হাসিন মুরাদ বললেন, অনেক যাচাই-বাছাই করে এই ফলাফল হয়েছে বলে এখানে পক্ষপাত ও ভুলের আশঙ্কা অনেক কম। তাঁর আশা, আগামী এক বছরের মধ্যে এই ছবিগুলো নির্মিত হবে।