সকালে মেঘলা আকাশ। দুপুরে মুষলধারায় বৃষ্টি। এরপর ইলশেগুঁড়ি। এ রকম ভেজা ও মেদুর আবহাওয়ায় গতকাল সোমবার শিশু একাডেমীতে শেষ হলো শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত পাঁচ দিনের বিশেষ অনুষ্ঠানমালা। বৃষ্টি উপেক্ষা করে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিশুরা অংশ নেয় এই আয়োজনে। পাঁচ দিনের এই অনুষ্ঠানমালায় ছিল শিশু আনন্দমেলা, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও শিশু নাট্য উৎসব।
গতকাল বিকেলে একাডেমী প্রাঙ্গণে শহীদ মতিউর মুক্তমঞ্চে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবিশ এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি৷ স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিশু একাডেমীর শিশুরা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক, শিশু সংগঠন অচিন পাখি, চট্টগ্রামের কিডস কালচারাল ইনস্টিটিউট ও ঢাকার কিশোর থিয়েটার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক করে। সব শেষে শিশু একাডেমী নির্মিত শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়।
পাঁচ দিনব্যাপী এ মেলায় প্রকাশনা সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু সংগঠনসহ মোট ৫৮টি সংগঠন ও প্রতিষ্ঠান অংশ নেয়।