শেষ হলো শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো ‘দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘শিশুদের বয়সটি খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সের শক্তি অন্য কোনো বয়সে পাওয়া যায় না। এই বয়সে যা একবার জীবনের সঙ্গে গেঁথে যায়, তা চিরজীবনের জন্য থেকে যায়।’
বক্তব্য দেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী ও উৎসব পরিচালক আবীর ফেরদৌস। উপস্থিত ছিলেন নির্মাতা মোরশেদুল ইসলাম। উৎসবে শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় সেরা ছবি দ্য পাপেট শো, দ্বিতীয় সেরা ছবি বাক্সবন্দী ও তৃতীয় সেরা ছবি হয়েছে অ্যালান কুর্দি ফ্রম হেভেন। বিশেষ পুরস্কার পেয়েছে এনমেসড বোরডোম ও ইনার প্যারালেলিজম। আন্তর্জাতিক শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়ার ছবি ইন মেমোরি।
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা ফিচার ফিল্ম জার্মানির ছবি অ্যাট আই লেভেল, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সুইজারল্যান্ডের ছবি হাইডি অ্যাট দ্য ফলি আর্টিস্ট এবং সেরা পরিচালক হয়েছেন বুলগেরিয়ার পরিচালক রিসতো সিমেওনভ।
উত্সবে ১৮-২৫ বছর বয়সীদের বিভাগে পুরস্কার পায় আ লেটার টু গড এবং ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ’ বিষয়ের ওপর পুরস্কার পেয়েছে খেলাঘর ছবিটি। উৎসবের সঙ্গে যুক্ত ছিল শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলো।