শেষ হলো সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসবের শেষ দিনের আয়োজনে নৃত্য পরিবেশনা। ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসবের শেষ দিনের আয়োজনে নৃত্য পরিবেশনা। ছবি: প্রথম আলো

সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের শেষ দিন ছিল আজ। ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ স্লোগানে জোটের স্বাধীনতা উৎসবের আয়োজন সমাপনী দিনে কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছড়িয়ে পড়েছিল। আজ শেষ দিন বিকেলে একাত্তরের চেতনাদায়ী গান ও কবিতার সঙ্গে নৃত্যের ঝংকারে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। নানা পরিবেশনার ভেতর দিয়ে প্রকাশিত হয় অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সেই সঙ্গে জানানো হয়েছে নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ।

শেষ দিন বিকেলে শিশুদের পরিবেশনায় শুরু হয় অনুষ্ঠান। ‘ও আলোর পথযাত্রী এখানে থেমো না’ এবং ‘নোঙর তোলো তোলো’ গানের সুরে নৃত্য পরিবেশন করে ভোরের পাখি সংগঠনের শিশুশিল্পীরা। অশুভের বিরুদ্ধে অভয় বাণী জানিয়ে আশিকুর রহমান গেয়ে শোনান ‘নাই নাই ভয় হবে হবে জয়’ এবং ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ দুটি গান।
শিশুদের আবৃত্তি দল ঋদ্ধস্বর পরিবেশন করে ‘বায়ান্ন থেকে একাত্তর’। জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সংগীত পরিবেশন করে গানের দল সুরসপ্তক। এ দলটি শোনায় ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম মোরা ঝর্ণার মত চঞ্চল’ গানটি। পরের গানটি ছিল জাগরণী গান, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে...’। সব শেষে ‘নাট্যযোদ্ধা’ শীর্ষক পথনাটক পরিবেশন করে পদাতিক নাট্য সংসদ।
রবীন্দ্র সরোবরের অনুষ্ঠানমালায় দলীয় সংগীত পরিবেশন করে সুরবিহার, আনন্দন ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। একক কণ্ঠে গান শোনান বিমান চন্দ্র বিশ্বাস, আরিফ রহমান, ফেরদৌসী কাকলি ও স্বাতী সরকার। আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, স্বনন ও উদ্ভাসন। একক কণ্ঠে আবৃত্তি করেন লুনা শিকদার ও কাজী রাজেশ। সপ্তকলির আসর অংশ নেয় শিশু সংগঠনের পরিবেশনায়। নৃত্য পরিবেশন করে নাটরাজের শিল্পীরা। থিয়েটার আর্ট ইউনিট পরিবেশন করে পথনাটক ‘রঙ্গপীঠ’।