শেষ হলো সিডনির বৈশাখী মেলা

১৬ এপ্রিল বৈশাখী মেলা বসেছিল অস্ট্রেলিয়ার সিডনির অলিম্পিক পার্কের এ এন জেড স্টেডিয়ামে। এদিন সকাল থেকেই হাজারো বর্ণের পোশাক আর বাঙালি সাজগোজে বর্ণিল হয়ে উঠেছিল বৈশাখের এ মেলা। হাজারো বাঙালির পদচারণে মুখরিত এই মেলা উপলক্ষে কয়েক দিন ধরেই বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরের প্রশান্তপাড়ের অস্ট্রেলিয়ার এই অলিম্পিক পার্ক হয়ে উঠেছিল লাল-সবুজের একখণ্ড বাংলাদেশ।
মেলা উপলক্ষে অস্ট্রেলিয়ার বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, বিরোধী দলের নেতা বিল শর্টন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার মাইক বার্ডসহ বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরাও মেলায় উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষবরণ উপলক্ষে এ উৎসবে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার প্রবাসী বাঙালি এদিন সমবেত হয়েছিলেন—জানিয়েছেন সিডনিপ্রবাসী কাওসার খান।

মেলা উপলক্ষে বাস ও ট্রেনের বিশেষ ব্যবস্থা করেছিল অস্ট্রেলিয়ার সিডনি গণপরিবহন। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমেও এই মেলার খবর প্রচারিত হয়েছে। ভারতের পশ্চিম বঙ্গের বাঙালিরা ছাড়াও অস্ট্রেলিয়ায় বসবাসরত অন্যান্য দেশের লোকজনের উপস্থিতিও ছিল চোখ পড়ার মতো।
অনেক অস্ট্রেলিয়ানও পোশাক-আশাক ও সাজসজ্জায় বাঙালি সেজেছিলেন এদিন। ভোজে-আড্ডায় এই দিনটিতে ষোলো আনা বাঙালিয়ানায় মেতে উঠছিলেন সবাই। দেশি-বিদেশি রকমারি খাবারের দোকান ছাড়াও বই ও পোশাকের স্টল ছিল বিশেষ আকর্ষণীয়।
এবার মেলার সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল ৯। সপ্তাহজুড়েই তাদের পর্দায় এ মেলার সম্পর্কে তথ্য প্রচার অস্ট্রেলিয়ানদের কাছে গুরুত্ব বাড়িয়েছে অনেক। দুই বাংলার মেলবন্ধন হিসেবে সংগীত পরিবেশন করছেন কলকাতার সংগীতশিল্পী নচিকেতা। প্রতিবারের মতো এবারও জমকালো আতশবাজির মনোমুগ্ধকর আয়োজন দিয়ে শেষ হয় বাঙালির প্রাণের মেলা।
৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে সিডনি অলিম্পিকের উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠান হয়েছিল ২০০০ সালে। এই স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কারণে বাঙালি-বাংলাদেশিদের স্মৃতিতে এবারের বৈশাখী মেলা আরেকটি উজ্জ্বল মাইলফলক হয়ে রইল।