শেষ হলো 'তারেক মাসুদ উৎসব'

নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ‘তারেক মাসুদ উৎসব’। রাজধানীর শিল্পকলা একাডেমিতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনের এই উৎসব।
গতকাল রোববার উৎসবের সমাপনী সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার নির্বাচিত ১০ চলচ্চিত্রের প্রদর্শনী ও পুরস্কার প্রদান।
এবারের তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার নির্বাচিত ১০ চলচ্চিত্রের মধ্যে প্রথম হয়েছে ইনজামামুল হক নির্মিত চলচ্চিত্র ‘দ্য ডোর’। এ ছাড়া সন্দীপ কুমার মিস্ত্রি নির্মিত ‘ভাসান’ এবং শরিফুল ইসলাম শামীম নির্মিত ‘দ্য হ্যান্ডস অব রোজ বার্ড’ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
নির্বাচিত ১০ নির্মাতার প্রথম তিনজন পুরস্কার হিসেবে পেয়েছেন তানভীর মোকাম্মেল পরিচালিত ফিল্ম ইনস্টিটিউটে এবং শিল্পকলা একাডেমি ও মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটির সৌজন্যে বিনা মূল্যে ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স করার সুযোগ। এ ছাড়া সাতজন নির্মাতা পাবেন বিশেষ ছাড়ে এই দুটি কোর্স করার সুযোগ।
সমাপনী সন্ধ্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে বক্তব্য দেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ, খুশী কবির, সারা হোসেন, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনীরা মোর্শেদ মুন্নী।
সারা দেশ থেকে ১৬-২৫ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এ উৎসব।