শেষ হলো আর্ট ক্যাম্প
আগামী ১৪১৮ সনের ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের দেড়শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন বছরব্যাপী ‘বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এর আয়োজন করেছে। বেঙ্গল সাংস্কৃতিক উৎসব ও বেঙ্গল গ্যালারির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ জুলাই থেকে আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে চার দিনব্যাপী বেঙ্গল আর্ট ক্যাম্প-২০১০ আয়োজন করা হয়েছিল। গতকাল রোববার ছিল আর্ট ক্যাম্পের সমাপনী দিন। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী গণেশ হালুই, শিল্পী হাসেম খান, শিল্পী ঢালী আল মামুন এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। এই ক্যাম্পে বাংলাদেশের ১২৫ ও ভারতের ১৭ জন প্রবীণ ও নবীন শিল্পী অংশ নিচ্ছেন। আর্ট ক্যাম্পে ভারত থেকে শিল্পী যোগেন চৌধুরী, গণেশ হালুই, সুনীল দাস, রবীন মণ্ডল, লালুপ্রসাদ সাউ, জয়শ্রী চক্রবর্তী, দিপালী ভট্টাচার্য, আদিত্য বসাক, ননি বরপূজারী, ছত্রপতি দত্ত, তাপস কোনার, সমির আইচ ও সমিন্দ্রনাথ মজুমদার এবং বাংলাদেশ থেকে শিল্পী আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, হাসেম খান, রফিকুন নবী, আব্দুস শাকুর, মনসুর উল করিম, রোকেয়া সুলতানা, ফরিদা জামান প্রমুখ অংশ নেন।আর্ট ক্যাম্প রবীন্দ্রনাথের দেড়শততম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসর্গীকৃত।লোকসংগীত সংরক্ষণ প্রয়োজন ‘বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন ওস্তাদ মমতাজ আলী খান। তিনি একাধারে ছিলেন লোকসংগীত রচয়িতা, সুরকার ও গায়ক। তবে সংরক্ষণের অভাবে তাঁর অনেক গানই বিকৃত হচ্ছে। অন্যের নামে চালিয়ে দেওয়া হচ্ছে তাঁর গান। তাই সরকারি উদ্যোগে তাঁর গান সংরক্ষণ করা প্রয়োজন।’গতকাল রোববার রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে ওস্তাদ মমতাজ আলী খানের ৯৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমি উপলক্ষে আলোচনা সভা ও সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে আলোচনা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ মমতাজ আলী খানের মেয়ে ও একাডেমির মহাপরিচালক রুপু খান। অনুষ্ঠানে আমার বন্ধু সওদাগর শীর্ষক মমতাজ আলী খানের গাওয়া গানের একটি সিডির মোড়ক উন্মোচন করা হয়। পরে একাডেমির শিল্পী ও শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।দ্য রিটার্ন অব লাইলি‘আমাদের দুর্ভাগ্য, আমরা নজরুলের মতো আন্তর্জাতিক মানের সাহিত্যিককে বিশ্বসভায় তুলে ধরতে পারিনি। তাঁর অল্প কিছু সৃষ্টিকর্মের অনুবাদ হয়েছে। এখন পর্যন্ত তাঁর গানের কোনো অনুবাদ হয়নি বললেই চলে। নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল তাঁর নির্বাচিত ৫০টি গানের স্বার্থক অনুবাদ করে নতুন মাত্রা যোগ করেছেন।’নাশিদ কামাল অনূদিত দ্য রিটার্ন অব লাইলি গ্রন্থের আলোচনায় বক্তারা গতকাল এ কথা বলেন। জাতীয় কবির ৫০টি গানের ইংরেজি অনুবাদ নিয়ে বইটি প্রকাশ করেছে এ্যাডর্ন প্রকাশনী।শিল্পকলা একাডেমীর সংগীত ও নিত্যকলা মিলনায়তনে ঘাসফুল বইটির ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল বিশেষজ্ঞ রফিকুল ইসলাম। তিনি বলেন, এর আগে কেউ নজরুলসংগীতের অনুবাদ করেননি। কবিতা অনুবাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে। সব সময় মূলভাব ধরে রাখা যায় না। গান অনুবাদ করা আরও কঠিন। নাশিদ কামাল গানের সার বুঝতে পেরেছেন বলে অনুবাদ করতে পেরেছেন। ভবিষ্যতে আরও অগ্রসর হবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।বক্তারা বলেন, নজরুলের প্রায় তিন হাজার গান আছে। এর মধ্য থেকে ৫০টি গান বাছাই করা দুঃসাধ্য কাজ। নাশিদ কামাল তাঁর অনুবাদের ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গান নির্বাচন করে সার্থকভাবে নজরুলের গানের বিভিন্ন ধারার পরিচয় একটি বইয়ে তুলে এনেছেন। অন্যদের মধ্যে রাজীব হুমায়ূন, আতা সরকার, হারুনুজ্জামান, ফেরদৌস আজিম ও আহসান সাঈদ বক্তব্য দেন।কাঁটাবনে বর্ষার বইমেলাকাঁটাবানে শুরু হলো বর্ষার বইমেলা। রাজধানীতে এ ধরনের আয়োজন এবার দ্বিতীয়। অংশ নিয়েছে ৩০টি প্রকাশনা সংস্থা। গতকাল বিকেলে কাঁটাবন রোডের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে ‘বর্ষার বইমেলা’র উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি এই মেলার মাধ্যমে লেখক-পাঠক- প্রকাশকদের মতবিনিময়ের মধ্য দিয়ে দেশে সৃজনশীল প্রকাশনা গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো হলো প্রথমা, মুক্তচিন্তা, ইউপিএল, পাঠসূত্র, উন্মাদ, প্রতীক প্রকাশনা সংস্থা, সাহিত্য প্রকাশ, বিদ্যাপ্রকাশ, বাংলা প্রকাশন, অন্বেষা, বর্ণায়ন, লিটলম্যাগ প্রাঙ্গণ প্রভৃতি।আয়োজকেরা বলেছেন, বইমেলায় ১০ হাজারেরও বেশি বই স্থান পেয়েছে। পাঠকদের জন্য রয়েছে ৩০ শতাংশ ছাড়। চলবে ৯ জুলাই পর্যন্ত।