মাসের প্রথম দিন যে আয়োজনটি শুরু হয়েছিল পুরস্কার দেওয়া-নেওয়া ও বক্তৃতার মধ্য দিয়ে, গতকাল মাসের শেষ দিন তা শেষ হলো যন্ত্রসংগীতের মূর্ছনায়। ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর গতকাল শনিবার ছিল শেষ দিন। শিল্পকলা একাডেমির চারু প্রাঙ্গণে গতকাল মাসব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, চিত্রকলা বিভাগের পরিচালক মনিরুজ্জামান, জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টি চিত্রশিল্পী হাশেম খান প্রমুখ।
শিল্পকলা একাডেমি আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৫টি দেশের শিল্পীরা। ছিল ৫৩টি দেশের ১৫০ জন শিল্পীর ২৬০টি শিল্পকর্ম। অংশগ্রহণকারী দেশগুলো থেকে শিল্পী, শিল্প সমালোচক, মিউজিয়াম কিউরেটরসহ মোট ১৪৫ জন বিদেশি এ প্রদর্শনীতে অংশ নেন। অংশগ্রহণকারী শিল্পকর্মের মধ্য থেকে প্রতিবছরের মতো এবারও নয়জন শিল্পীকে পুরস্কার দেওয়া হয়েছে। এ বছর গ্রান্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশি শিল্পী কামরুজ্জামান, মোহাম্মদ হারুনুর রশীদ ও চিলির শিল্পী ডাগমারা হুইসকেল। সম্মাননাসূচক পুরস্কার পান বাংলাদেশের শিল্পী কুন্তল বাড়ৈ, বিপাশা হায়াত, রাজীব কুমার রায়, জিহান করীম, শ্যামল চন্দ্র সরকার ও দিলীপ কুমার কর্মকার। বাংলাদেশ থেকে ৫৫৬ জন শিল্পীর শিল্পকর্ম থেকে বাছাই করে ১৪৮ জন শিল্পীর ১৫৪টি শিল্পকর্ম প্রদর্শনের জন্য মনোনয়ন দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য ৫৪ জন আমন্ত্রিত চিত্রশিল্পীর ৫৪টি শিল্পকর্ম ছিল প্রদর্শনীতে।
এশীয় চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু হয় ১৯৮১ সালে। এ বছর প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয় সেমিনার, পারফরমেন্স আর্টস প্রদর্শনী, আন্তর্জাতিক আর্ট ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।