শেষ হলো কত্থক নৃত্য উৎসব

কত্থক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে তিন দিনের কত্থক নৃত্য উৎসবের শেষ দিন ছিল গতকাল। ছায়ানট মিলনায়তনে সমাপনী দিনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানুল হক, জিনাত বরকতউল্লাহ ও বেলায়েত হোসেন খান।
আলোচনা শেষে কত্থক নৃত্য সম্প্রদায়ের নৃত্যশিল্পীর ‘রিমঝিম’ শিরোনামের কম্পোজিশন পরিবেশন করা হয়। এটি পরিচালনা করেন সাজু আহমেদ। এরপর মুনমুন আহমেদ মালকোষ রাগে শের সারগাম পরিবেশন করেন।
এরপর কত্থক নৃত্য পরিবেশন করেন তাবাসসুম আহমেদ। নৃত্য নির্মিতি পরিবেশন করেন পাপ্পু সাহা। এরপর কত্থক নৃত্য সম্প্রদায়ের এনি, প্রমি, ইতি, লিসা ও তাত্ত্বিকা পরিবেশন করেন নৃত্য নির্মিতি। ‘শাওন আসিলো ফিরে’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ। তিনতালে নৃত্য পরিবেশন করেন অবন্তিকা। তারানায় নৃত্য পরিবেশন করেন মুক্তা রানী ঠাকুর। প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের স্মরণে ‘রাগ বসন্ত’ নৃত্য পরিবেশন করেন কত্থক নৃত্য সম্প্রদায়।
সংগঠনের পরিচালক সাজু আহমেদের নেতৃত্বে মুনিয়া, ইমন, পাপ্পু, সুপর্ণা, তাত্ত্বিকা ও জ্যোতির সম্মিলিত এ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আয়োজন।