শেষ হলো কলকাতা চলচ্চিত্র উৎসব
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা পড়বে আজ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর। চলচ্চিত্র উৎসবের এই মহাযজ্ঞ শুরু হয়েছিল ১০ নভেম্বর বৃহস্পতিবার। কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে একই সময় আরও একটি চলচ্চিত্র উৎসব পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে। সেই উৎসবের আয়োজক সিনেসেন্ট্রাল। প্রতিবছরই পাশাপাশি এই দুটি চলচ্চিত্র উৎসবে নতুন প্রাণ পায় কলকাতা। সুযোগ পায় বিদেশি ছবি দেখার। কলকাতার এই উৎসব ১৭ বছর পার করেছে। সিনেসেন্ট্রালের উৎসব ২৫ বছর। দুটি উৎসব ঘিরে কলকাতায় সৃষ্টি হয় নতুন এক উন্মাদনা, সংস্কৃতি অঙ্গন হয়ে ওঠে জমজমাট।পশ্চিমবঙ্গে চলছে এখন মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে পরিবর্তনের হাওয়া। সেদিক লক্ষ রেখে উৎসব কমিটি এবার এই উৎসবে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছে। বাড়িয়েছে উৎসবের খরচের বহর। প্রতিবছর এই উৎসবের সূচনা হতো কলকাতার সংস্কৃতি কেন্দ্র ‘নন্দন’-এ। এবার মমতার ইচ্ছায় সাধারণ মানুষের কাছে এই উৎসব নিয়ে যাওয়ার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও শর্মিলা ঠাকুর। আর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শাহরুখ খান তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, ‘মুম্বাইয়ে থাকলেও আমার চিরদিনের টান এই কলকাতা। সত্যি কথা কি, বাংলা না থাকলে ভারতে শিল্প-সংস্কৃতির এত সমৃদ্ধি ঘটত না। আমি কলকাতাকে ভালোবেসে বাংলা শেখার চেষ্টা করেছি।’ শর্মিলা ঠাকুর বলেছেন, ‘কলকাতা আমার জন্মস্থান। এখানে বড় হয়েছি, পড়েছি। অভিনয় জীবনও শুরু কলকাতা থেকে। তাই কলকাতার টানকে আর উপেক্ষা করতে পারলাম না। ছুটে এলাম।’ মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে ‘ভাই’ বলে সম্বোধন করে বলেন, ‘চলচ্চিত্র বিকাশের জন্য কলকাতায় একটি ফিল্ম সিটি তৈরি করা হবে।’অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কলকাতার মেট্রো প্রেক্ষাগৃহে সিনেসেন্ট্রাল আয়োজিত উৎসবের উদ্ব্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রপরিচালক মৃণাল সেন, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বাংলাদেশের সদ্য প্রয়াত প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ প্রমুখ। এই অনুষ্ঠানে সাবিত্রী চট্টোপাধ্যায়কে তাঁর অভিনয় জীবনের ৬ দশক পূর্ণ করার জন্য দেওয়া হয় লাইফটাইম অ্যাওয়ার্ড। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ৫০ দেশের ১৫৩টি ছবি দেখানো হয়। এ বছরই হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অশোককুমারের জন্মশতবর্ষ। তাই এ উৎসবে সম্মান জানানো হয়েছে এই প্রথিতযশা অভিনেতাকে। আর এই জন্মশতবর্ষে অশোককুমার অভিনীত চারটি জনপ্রিয় ছবি দেখানো হয়। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সর্বমোট ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এর মধ্যে তিনটি প্রদর্শিত হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং বাকি দুটি উৎসবের অঙ্গ সিনেসেন্ট্রাল আয়োজিত উৎসবে। কলকাতা উৎসবের তিনটি ছবি হলো: নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা, নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার এবং রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরজান।আর সিনেসেন্ট্রাল আয়োজিত উৎসবের দুটি ছবি হলো: তারেক মাসুদের শেষ ছবি রানওয়ে এবং আবু সাইয়িদের অপেক্ষা।