শেষ হলো গঙ্গা যমুনা নাট্যোৎসব

গঙ্গা ও যমুনা। পৃথক দুটি নদী। আর এ দুই নদীর নামকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুই বাংলার এক অপূর্ব নাট্যমৈত্রী ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’। উৎসবটি প্রথম শুরু হয় ১৯৯৮ সালে। তখন কেবল কলকাতায় স্বল্প পরিসরে ছিল আয়োজন। দিনে দিনে বেড়েছে কলেবর। এবারের উৎসবটির আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনকে ঘিরেই হয়েছে জমজমাট এই আয়োজন।
১১ সেপ্টেম্বর সন্ধ্যা। ঘড়ি বলছে সন্ধ্যা ছয়টা। গঙ্গা-যমুনা নাট্যোৎসবের উদ্বোধনী পর্ব। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। সঙ্গে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, নাট্যজন মামুনুর রশীদ, অমলেশ চক্রবর্তী ও আকতারুজ্জামান। উদ্বোধনী দিনে ওই মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাট্যকেন্দ্রের নাটক দুই যে ছিল এক চাকর। এক্সপেরিমেন্টাল হলে ছিল প্রাঙ্গণেমোরের নাটকআওরঙ্গজেব, স্টুডিও থিয়েটার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের নাটক চাকা।
১৪ সেপ্টেম্বর। নাট্যোৎসবের চতুর্থ দিন। ওই দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হলো আরণ্যকের ময়ূর সিংহাসন নাটকের ১০৯তম প্রদর্শনী। এক্সপেরিমেন্টাল হলে ছিল সময়ের ভাগের মানুষ। টিকিট কাউন্টারের সামনে দর্শকদের লম্বা লাইন দেখে মনে হলো, নাটকের একটা ভালো সময় যাচ্ছে। জাতীয় নাট্যশালার লবিতে পেয়ে গেলাম কলকাতার অনীক নাট্যদলের প্রধান অমলেশ চক্রবর্তীকে। ‘এই উৎসবটি শুরু করার পেছনে আমাদের একটি বড় স্বপ্ন ছিল। দুই বাংলার অপার মেলবন্ধন গড়ে উঠবে এই আয়োজনের মধ্য দিয়ে। কার্যত তা-ই হয়েছে। দিনে দিনে তার ব্যাপ্তি ঘটছে। এই উৎসব আমাদের বন্ধনকে অটুট রেখে সম্পর্ককে নিয়ে যাবে অনেক দূরে।’ বলছিলেন অমলেশ চক্রবর্তী।
এবারের উৎসবে অনীক মঞ্চায়ন করেছে তাদের প্রতীক নাটকটি। ছয় দিনব্যাপী এই উৎসবে আরও মঞ্চস্থ হয়েছে নাগরিক নাট্যাঙ্গনের পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ, লোকনাট্য দলের কঞ্জুস, ঢাকা থিয়েটারের বিনোদিনী, ঢাকা পদাতিকের পাইচো চোরের কিচ্ছা, তীর্যকের (চট্টগ্রাম) রক্তকরবী, মহাকালের শিখণ্ডী কথা, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের তৃতীয় একজন, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের যুগলবন্দী, প্রাচ্যনাটের কিনু কাহারের থেটার, শূন্যনের লাল জমিন, নাট্যধারার আয়না বিবির পালা এবং ইউনিভার্সেল থিয়েটারের প্রযোজনা মহাত্মা।
নাট্যোৎসবে নাট্যকর্মীদের সঙ্গে এবার কাজ করে চলেছেন আবৃত্তি ও সংগীতশিল্পের অনেক কর্মী। তবে কি এটা কোনো সাংস্কৃতিক উৎসব? ‘আগামী আয়োজনে উৎসবের নামকরণ তেমনটাই হলেও হতে পারে।’ বললেন উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুস। উৎসবটি শেষ হয়েছে ১৬ সেপ্টেম্বর।