শেষ হলো ছোটদের বড় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক নিয়মে জানুয়ারিতে হওয়ার কথা ছিল শিশু চলচ্চিত্র উৎসব। কিন্তু তখন পরিস্থিতি অনুকূলে না থাকায় হয়ে ওঠেনি। পৃষ্ঠপোষকতার অভাবে এবারের উৎসবের পরিসর কিছুটা ছোট হয়েছে। কিন্তু অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর আগ্রহে কোনো কমতি ছিল না। সাত দিনের পুরো আয়োজন ছিল নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ। আগামী বছর থেকে আরও জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রত্যাশায় গতকাল শুক্রবার শেষ হয় সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ১ মার্চ থেকে শুরু হয়েছিল এই উৎসব। গতকাল পুরস্কার প্রদান এবং চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় ছোটদের নিয়ে এই বড় আয়োজনটি।
বিকেলে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, লেখক মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, আলোকচিত্রী মুনিরা মোরশেদ প্রমুখ। অনুষ্ঠানে উৎসবের প্রতিযোগিতা বিভাগের সেরা পাঁচজন শিশু চলচ্চিত্র নির্মাতার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিয়ে পুরস্কৃত করেন অতিথিরা। এবারের উৎসবের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আশফাকুর রহমান পরিচালিত জাদুর কাঠি, দ্বিতীয় হয়েছে তাহা ইসমাইলের লস্ট ইন দ্য পাস্ট ও তৃতীয় হয়েছে অনন্যা জামানের দ্য চেয়ার। তাদের প্রত্যেককে পরবর্তী চলচ্চিত্র নির্মাণের জন্য যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে তুষার কুণ্ডু রায়ের শখের ঘুড়ি ও সামিয়া রহমানের ইনানিমেট ওয়ার্ল্ড ছবি দুটি।
সমাপনী অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। এর আগে উৎসবের শেষ দিনে মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চার দেশের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এদিন কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার হলে ‘শিশুদের জন্য চলচ্চিত্র: আমাদের স্বপ্ন ও আমাদের হতাশা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দা তাসনিম রহমান এবং ‘শিশুদের ওপর দৃশ্য মাধ্যমের প্রভাব’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মহিতুল আলম।
উৎসব ঘিরে গত সাত দিন ঢাকার কয়েকটি কেন্দ্র ছিল শিশুদের পদচারণে মুখর।