শেষ হলো জাতীয় মানবাধিকার নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও গুণীজন সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘৯ম জাতীয় মানবাধিকার নাট্য উৎসব ২০১৫’। গত শনিবার শুরু হওয়া এ নাট্যোৎসবের গতকাল শেষ দিনে দেওয়া হয় ‘মানবাধিকার নাট্য পর্ষদ’ সম্মাননা। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘মানবাধিকার নাট্য পরিষদ’-এর এবারের গুণীজন সম্মাননা পেলেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ, শিরিন বানু মিতিল ও নারীনেত্রী ফৌজিয়া মোসলেম।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে ছিল নাট্যোৎসবটির শেষ দিনের আয়োজন। ‘বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ’ আয়োজিত নাট্যোৎসবের এই অনুষ্ঠানের শুরুতেই ছিল নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা। রয়েল বেঙ্গল টাইগার শিরোনামের নাটক প্রদর্শন করে সাংস্কৃতিক সংগঠন ‘অনুশীলন ৮০’। নাটক পরিবেশনা শেষে রাজধানীর সাংস্কৃতিক ও নাট্যসংগঠন ‘প্রাচ্যনাট’ পরিবেশন করে ‘সুরের ভেলায় আগুন খেলায়’ শীর্ষক দেশের গান ও নৃত্য।
এরপরেই অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অধ্যাপক মমতাজউদ্দীন আহমদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান।
সম্মাননা প্রদান শেষে সন্ধ্যায় আবারও শুরু হয় নাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই সংগঠনটির ঢাকা মহানগর শাখা পরিবেশন করে নাটক আস্তাকুঁড় এবং পরে নাট্যসংগঠন ‘নাট্যধারা’ প্রদর্শন করে নাটক দড়ি। শেষ পর্বে নাট্যসংগঠন ‘বটতলা’ প্রদর্শন করে তাদের প্রযোজনার নাটক আর নয় চুপ থাকা।