শেষ হলো ঢাকা আর্ট সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী, আলোচনা, পারফর-ম্যান্সসহ বিপুল কর্মযজ্ঞের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের ঢাকা আর্ট সামিট। গতকাল সমাপনী দিনেও সামিটকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ছিল শিল্পী ও শিল্পানুরাগী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর।
শিল্পকলা একাডেমী ও সামদানি আর্ট ফাউন্ডেশন যৌথভাবে দ্বিতীয়বারের মতো ঢাকা আর্ট সামিটের আয়োজন করে। সামিটের স্থাপনা শিল্পগুলোর কিউরেটরের দায়িত্ব পালন করেন সামদানি আর্ট ফাউন্ডেশনের আর্টিস্টিক ডিরেক্টর, ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট ও বৃত্ত আর্টস ট্রাস্টের শিল্পী মাহবুবুর রহমান। বাংলাদেশের শিল্পকর্মের প্রদর্শনীর কিউরেটর ছিলেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মনিরুজ্জামান।
সামিটের সহযোগিতায় ছিল এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট গ্রুপ। এবারের সামিটে দক্ষিণ এশিয়ার বিশিষ্ট শিল্পী ও বিশ্বের খ্যাতিমান আর্ট মিউজিয়ামগুলোর প্রতিনিধি এবং দেশ-বিদেশের ৩৩টি গ্যালারি তাদের সংগ্রহ নিয়ে অংশ নেয়।
ঢাকা আর্ট সামিটের সমাপনী দিনে উল্লেখযোগ্য বিষয়টি ছিল রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের প্রদর্শনীর শিল্পকর্ম দেখা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শিশু-কিশোরদের সমাগমে প্রাণবন্ত হয়ে উঠেছিল চিত্রশালার গ্যালারিগুলো। এ ছাড়া দুপুরে ভিআইপি লাউঞ্জে ছিল প্রদর্শনীর ব্যবস্থাপনা ও শিল্পকলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। নিরীক্ষামূলক চলচ্চিত্রের প্রদর্শনী ছিল তৃতীয় তলায়। সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনী দিয়েই শেষ হয় তিন দিনের এই আয়োজন।