শেষ হলো তারেক মাসুদ চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসত্তা ও ধর্মভেদে এ দেশের মানুষের দুটি পরিচয়—বাঙালি ও মুসলমান। এ দুটি সত্তার দ্বান্দ্বিক সম্পর্ক বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস নির্মাণে ভূমিকা রেখেছে। এ দুটি সত্তা কি কেবলই দ্বান্দ্বিক? তারেক মাসুদ তাঁর চলচ্চিত্রে বাঙালির আত্মপরিচয়ের অনুসন্ধান করতে গিয়ে প্রশ্নটি তুলেছেন।
গতকাল শনিবার ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’র বক্তা কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ ‘তারেক মাসুদের চলচ্চিত্র: বাঙালি জাতীয়তার নতুন মানচিত্র’ বিষয়ে বলছিলেন এসব কথা। শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে দুই দিনব্যাপী তারেক মাসুদ চলচ্চিত্র উৎসবের শেষদিন ছিল গতকাল।
সাজ্জাদ শরিফ বলেন, ‘বাঙালি ও মুসলমান সত্তার দ্বন্দ্বকে ঘিরে বাংলাদেশের যে একরৈখিক ইতিহাস তৈরি করা হয়েছে, তারেক মাসুদ সেটাকে প্রশ্ন করে গেছেন মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, নরসুন্দর, অন্তর্যাত্রা, রানওয়ে চলচ্চিত্রগুলোর মধ্য দিয়ে। আমাদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে যুদ্ধকে বড় করে দেখানো হয়েছে। মুক্তির দিকটি, যুদ্ধের পেছনের গল্পগুলো সেভাবে আসেনি। তারেক মাসুদের চলচ্চিত্রে নারী, আদিবাসী, সাধারণ মানুষ তথা প্রান্তিক মানুষের মুক্তিযুদ্ধ আছে। নরসুন্দর-এ আছে বিহারি বাঙালিকে বাঁচিয়ে দেওয়ার বিচ্ছিন্ন গল্প। বহুমাত্রিকভাবে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাকে দেখার একটা চেষ্টা তিনি করেছেন। মুক্তিযুদ্ধে মানুষ মানুষকে যেমন মেরেছে, তেমনি বাঁচিয়েছেও।’
সমাপনী দিনের শুরুতে শাহ আলম দেওয়ান (বয়াতি ভাই), মঞ্জুলা বয়াতি ও তানভীর আলম সজীব পরিবেশন করেন গান। তাতে ছিল তারেক মাসুদের লেখা কিছু মারফতি গানও। সবশেষে উৎসব উপলক্ষে আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ‘আমার মুক্তি, আমার যুদ্ধ’-এ সেরা ১০টি ছবি প্রদর্শিত হয়। সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থী মো. জাহিদ হাসানের এ বুক বিহাইন্ড দ্য সু’জ চলচ্চিত্রটি।