শেষ হলো দেশ-বিদেশের নাটকের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক শুরু হতে তখনো বেশ খানিকটা সময় বাকি। জাতীয় নাট্যশালার মূল প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। তবে প্রধান মিলনায়তন নয়, আওয়াজ ভেসে আসছিল তৃতীয় তলার করিডর থেকে। সেখানে দর্শকের উপস্থিতিও প্রচুর। মঞ্চে টানানো ব্যানারে লেখা, ‘দর্শকের মুখোমুখি’। আগের দিন মঞ্চায়িত নিশিমন বিসর্জন নাটক নিয়ে নির্দেশক ও শিল্পীরা দর্শকের সঙ্গে আলাপচারিতায় মশগুল। শিল্পকলা একাডেমীতে আয়োজিত আইটিআই ইন্টারন্যাশনাল নাট্যোৎসবের গতকাল শেষ দিনের খণ্ডচিত্র এটি।দেশ-বিদেশের নতুন-পুরোনো নাটক দেখার আনন্দ দিয়ে রোববার শেষ হলো আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে অংশ নিতে দেশের বাইরে থেকেও এসেছে কয়েকটি নাটকের দল। সন্ধ্যায় তাদের পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন মঞ্চে ভিড় করেছিলেন নাট্যমোদীরা। নাটক দেখার পাশাপাশি তাঁদের অনেকে কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন। উৎসবে প্রতিদিন বিকেলে দর্শকের মুখোমুখি হয়ে নির্দেশক, নাট্যকার ও শিল্পীরা অভিজ্ঞতা বিনিময় করেছেন। এসব নিয়েই গত সপ্তাহজুড়ে জমজমাট ছিল রাজধানীর নাট্যাঙ্গন। গতকাল শেষ দিনে তিনটি নাটক মঞ্চস্থ হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজারিয়াহ কালচার অ্যান্ড মিডিয়া অথরিটি মঞ্চস্থ করে নাটক দ্য পিয়ানিস্ট। মালহা আবদুল্লাহর রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন লতিফা আহরারি। পরীক্ষণ থিয়েটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশন করে ভেলুয়া। পূর্ববাংলা গীতিকা অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান এবং স্টুডিও থিয়েটারে শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশন করে রাইফেল।‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’ শিরোনামে আইটিআই বাংলাদেশ কেন্দ্র আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়েছিল গত ২৭ মে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় উৎসবের আয়োজন করা হয়। এতে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারতের দুটি দল এবং বাংলাদেশের ২১টি নাট্যদলের নাটকসহ সব মিলিয়ে ২৫টি নাটক এ উৎসবে মঞ্চায়িত হয়।চলছে ইউপিএলের বার্ষিক প্রদর্শনীরাজধানীর জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের দ্বিতীয় তলায় শুরু হয়েছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বার্ষিক গ্রন্থ প্রদর্শনী। গতকাল প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, থরে থরে সাজানো বিভিন্ন ধরনের বই। প্রথম দিনেই আগ্রহী পাঠকদের ভিড় ছিল লক্ষণীয়। প্রদর্শনীতে রয়েছে উপন্যাস, ভ্রমণকাহিনি, নাটক, প্রবন্ধ এবং দেশি-বিদেশি লেখকদের শিশুতোষ বই। এ ছাড়া অভিধান ও শব্দকোষ, সংকলন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ উন্নয়ন, ধর্ম ও দর্শন, ইতিহাস, মুক্তিযুদ্ধ, আত্মজীবনী, সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব, ভূগোল, স্বাস্থ্য, পরিবেশ ও বিজ্ঞান, অর্থনীতি ও উন্নয়নবিষয়ক বইও স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীর আকর্ষণীয় দিক হচ্ছে মূল্য ছাড়। বইয়ের প্রকারভেদে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। প্রদর্শনী চলবে ১৩ জুন পর্যন্ত।শেরপুরে নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুর প্রতিনিধি জানান, ‘দীপ্ত অগ্নিশিখা সম নীলিমা শশী/ সুরে ছন্দে প্রস্ফুটিত ঝংকার তারকারাশি’ স্লোগান নিয়ে শেরপুরে নজরুলজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুলসংগীতশিল্পী মুক্তিশংকর সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শেরপুরের ঝংকার সাংস্কৃতিক পরিষদ রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি মাকসুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তব্য দেন আবদুল কাদের, আহসান হাবিব প্রমুখ। আলোচনা শেষে ঢাকার নজরুলসংগীতশিল্পী পরিষদ কর্তৃক সদ্য সম্মাননাপ্রাপ্ত শেরপুরের গুণী নজরুলসংগীতশিল্পী মুক্তিশংকর সাহাকে ঝংকার সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে শেরপুরের স্থানীয় শিল্পীরা নজরুলসংগীত ও নৃত্য পরিবেশন করেন।