শেষ হলো নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসবে অতিথিদের সঙ্গে পুরস্কার পাওয়া নির্মাতারা
নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসবে অতিথিদের সঙ্গে পুরস্কার পাওয়া নির্মাতারা

শেষ হলো ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’। বছরব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানটি হয়ে গেল ৩০ এপ্রিল। এই দিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।


গত বছরের এপ্রিল মাসে শুরু হওয়া এই উৎসবে ১২ মাসে প্রদর্শনীর জন্য ২২০টি চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে জুরি কমিটির বিবেচনায় নির্বাচিত ১৩৯টি চলচ্চিত্র প্রতি মাসের শেষ শুক্রবার প্রদর্শিত হয়। উৎসবে বাংলাদেশের ১৯৫ জন চলচ্চিত্রকার অংশ নেন। এবার ‘ঘাসফুল’ চলচ্চিত্রের জন্য ‘জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনিচিত্র পুরস্কার’ পেয়েছেন আকরাম খান, ‘হেফাজতনামা’ প্রামাণ্য চলচ্চিত্রের জন্য ‘আলমগীর কবির শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন পলাশ রসূল, ‘অবরোধ’ ছবির জন্য ‘বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন আমিনুর রহমান মুকুল। পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছেন সম্মাননা ক্রেস্ট, উৎসব স্মারক ও ৫০ হাজার টাকা।

‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ শিরোনামে এই প্রতিযোগিতামূলক উৎসব যৌথভাবে আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার ও উৎসবের জ্যেষ্ঠ জুরি সৈয়দ সালাহউদ্দিন জাকী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উৎসব পরিচালক বেলায়াত হোসেন মামুন তরুণ নির্মাতাদের আর্থিক অনুদান প্রদানের কর্মসূচি ‘সিনেমা ফাইভ’-এর ঘোষণা দেন। এই কর্মসূচির আওতায় বছরে পাঁচজন নির্মাতাকে চলচ্চিত্র নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হবে।