গতকাল রোববার সারা দিন হরতালে মন্থর ছিল রাজধানীর জীবনযাত্রা। সন্ধ্যায় ফিরে আসে গতিময়তা। রমনার বটমূলে পৌষমেলার সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যা থেকেই। ‘জাগো মানুষের সুপ্তশক্তি, হাটে-মাঠে-ঘাটে-বাঁকে’ স্লোগান নিয়ে গত শুক্রবার শুরু হয়েছিল তিন দিনের এই পৌষমেলা।পৌষমেলা উদ্যাপন পরিষদের আয়োজনে এবার ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত হলো এই মেলা। বটমূলের চারপাশে শীতের পিঠাপুলি আর হস্ত ও কারুশিল্পের সম্ভার নিয়ে স্টল করা হয়েছিল ৩৫টি। প্রথম দুই দিন সকাল ও বিকেলে দুটি করে অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে মেলামঞ্চে। শেষ দিনে সকালের অধিবেশন ছিল না। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বেশ লোকসমাগম ঘটেছিল। বেলা তিনটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার সময় নির্ধারিত থাকলেও হরতালের কারণে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা নাগাদ। জনপ্রিয় লোকসংগীত পরিবেশন করেন শিল্পীরা। এ ছাড়া ছিল নৃত্য, আবৃত্তি ও যাত্রা। সমাপনী অনুষ্ঠানে তিন দিন ধরে মেলায় অংশ নেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন মেলা উদ্যাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায়। দলীয় সংগীত পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। একক সংগীতে ছিলেন শিল্পী ফকির শাহাবুদ্দিন, সরদার রহমত উল্লাহ, আলাওল হক, শিমুল সাহা প্রমুখ। তাঁরা ‘গ্রামের নওজোয়ান’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘বাপুই চ্যাংড়া রে’, ‘আমার বন্ধু দয়াময়’সহ বিভিন্ন গান গেয়ে শোনান। ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য। আবৃত্তি করেন এনামুল হক ও ইকবাল খোরশেদ। শেষে ছিল যাত্রাপালা। বর্ষামুখর রাতেবেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে শিল্পী অদিতি মহসিনের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে’। আগামীকাল মঙ্গলবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। অনুষ্ঠানের শিল্পী শ্রোতাদের গান গেয়ে শোনাবেন।আঁধারময়তার গল্পকথাতরুণ প্রজন্মের শিল্পী রফিকুল ইসলাম চৌধুরীর একক শিল্পকর্ম প্রদর্শনী ‘আঁধারময়তার গল্পগাথা’ চলছে গুলশান ২ নম্বর সার্কেলের সাজু আর্ট গ্যালারিতে। অ্যাক্রিলিক, জলরং ও মিশ্র মাধ্যমে করা ৭১টি শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। এই প্রদর্শনী গত ডিসেম্বরের ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। পরে নতুন বছরের প্রথম থেকে প্রদর্শনীটি সাজু আর্ট গ্যালারিতে শুরু হয়েছে, এ মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে।রফিকুল ইসলাম চৌধুরী ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রণ বিভাগ থেকে এমএফএ উত্তীর্ণ হয়েছেন। এটি তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী। ‘দ্য এন্ডলেস মিস্ট্রি’ নামে প্রথম একক প্রদর্শনীটি হয়েছিল ২০০৭ সালে। এ ছাড়া দেশ-বিদেশে অনেক যৌথ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন।