শেষ হলো বাংলা লোকনাট্য উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যনাট্য, গীতিনাট্য ও যাত্রাপালার মাধ্যমে গত বৃহস্পতিবার রাতে শেষ হলো রাজশাহীর পুঠিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী বাংলা লোকনাট্য উত্সব। এটি ছিল বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১৩তম উত্সব। আয়োজন করেছিল পুঠিয়া থিয়েটার।
শেষ দিনে পরিবেশন করা হয় ভারতের বিশিষ্ট নৃত্যশিল্পী সোমা গিরি নির্দেশিত গাইবান্ধার চিন্তক থিয়েটারের নৃত্যনাট্য ‘বেহুলা’, ঝিনাইদহের ভোর হলো সংগঠনের গীতিনাট্য ‘রাধার মানভঞ্জন’, নওগাঁর ঝুমুর যাত্রাপালা ‘আপন দুলাল’। ছিল পুঠিয়ার শাহবাজপুরের লাঠিখেলা, সাতবাড়িয়ার বাংলাবাদ্য পরিবেশন ও ময়মনসিংহ জেলার শিল্পীদের পরিবেশিত দেহতত্ত্ব গান। এ ছাড়া অন্যদিনের মতোই ছিল শোভাযাত্রা। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার হোসেন, একই বিভাগের শিক্ষক এস এম ফারুক হুসাইন, পুঠিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ন ম মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল। অনুষ্ঠানে ১১টি শহীদ পরিবারকে শ্রদ্ধার্ঘ্য সম্মাননা প্রদান করা হয়। এই পর্বে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান।
গত মঙ্গলবার উদ্বোধনী দিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ​ চট্টোপাধ্যায়, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিঙ্কু। অনুষ্ঠানমালায় ছিল কুষ্টিয়ার বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর লাঠিখেলা এবং মাগুরার শিল্পীদের ৫০ ঢাকের বাংলাবাদ্য।
অনুষ্ঠানে সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা প্রদান করা হয় মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, নাট্যকার আসাদুল্লা ফারাজি ও পুঠিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল ইসলাম দুখুকে।
রাতে রাজশাহীর স্পন্দন নৃত্যগোষ্ঠী নৃত্য, মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটার পুতুলনাচ ও কুষ্টিয়া শিল্পকলা একাডেমি লালনের গান পরিবেশন করে।