শেষ হলো বিজয়ের নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের। মঞ্চে রবীন্দ্রযুগের আবহ। কেন্দ্রীয় চরিত্র সৌদামিনী। সংসারের প্রতি তার দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসার এতটুকু কমতি নেই। স্বামী পুলিশ কর্মকর্তা। স্বামীর অগোচরে সৌদামিনী সহযোগিতা করে চলছে একজন বিপ্লবীকে। এমন এক গল্প নিয়ে নাটক বদনাম। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মঞ্চে এটি মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে বদনাম নাটকটি প্রযোজনা করেছে সংলাপ গ্রুপ থিয়েটার। নাটটি মঞ্চস্থ হয়েছে বিজয় নাট্যোৎসবের শেষ দিনে। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছিল বিজয়ের নাট্য উৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। গতকাল ছিল এ উৎসবের শেষ দিন। শেষ দিনে বদনাম ছাড়া আরও দুটি নাটক মঞ্চস্থ হয়। এর মধ্যে একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ছিল থিয়েটারের (বেইলি রোড) মেরাজ ফকিরের মা এবং জাতীয় নাট্যাশালায় লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) নাটক মাঝ রাতের মানুষেরা। প্রদর্শনীগুলোয় দর্শক-সমাগম ছিল বিপুল। সাত দিনব্যাপী এ উৎসবে ২১টি দলের নাটক মঞ্চস্থ হয়।অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন নূরজাহান বোস এ বছর অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন, আগুনমুখার মেয়ে বইয়ের লেখিকা নূরজাহান বোস। সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবনের অভিজ্ঞতা সার্থকভাবে তুলে ধরার ভেতর দিয়ে দেশের এবং প্রবাসী বাংলা ভাষাভাষী পাঠকসমাজ ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পাক্ষিক অনন্যা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নূরজাহান বোসের হাতে পুরস্কারের ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেন দিল মনোয়ারা। সভাপতিত্ব করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। মূল আলোচনায় আগুনমুখার মেয়ে সম্পর্কে অধ্যাপক সোনিয়া নিশাত আমিন বলেন, ‘বঙ্গোপসাগর-উপকূলবর্তী পটুয়াখালী জেলার প্রমত্তা আগুনমুখা নদীর কোলে সৃষ্ট কাঁটাখালী চরের এক আবাল্য সংগ্রামী মেয়ে নূরজাহান বোস। নানা চড়াই-উতরাই পার হওয়া তিক্ত-মধুর শিহরণ জাগানো অভিজ্ঞতার কথা, প্রবাসজীবন এবং অসহায় মানুষের পাশে থাকার নানা জীবন্ত স্মৃতি ও দৃষ্টান্তের শিক্ষাগুলো সহজভাবে বর্ণিত হয়েছে তাঁর এই অসামান্য আত্মস্মৃতি গ্রন্থে। বইটি কেবল ব্যক্তির আত্মস্মৃতি নয়, এটি গ্রামবাংলার প্রায় অর্ধশতকের এক অনবদ্য সমাজদর্পণ।’ দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন লাইসা আহমেদ। কবিতা আবৃত্তি করেন তামান্না তিথি। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ শুভেচ্ছা বক্তব্য দেন ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান সৈয়দ আবুল বারক আলভী। প্রদর্শনীতে শিক্ষার্থীদের ৭০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তরুণ শিল্পীদের মধ্যে মানব অবয়ব আঁকার আগ্রহ লক্ষণীয়। অনেকেই গতানুগতিক ধারার বাইরে এসে নিরীক্ষাধর্মী কাজ করছেন। প্রদর্শনী চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।