শেষ হলো মণিপুরি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধ নয়, প্রেমই মানুষের মুক্তি এনে দিতে পারে। ভালোবাসা ও প্রেম মানুষের কল্যাণ বয়ে আনে। এই বিশ্বাস নিয়ে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেওয়া পুরুষদের ফিরিয়ে আনতে তাদের স্ত্রীদের আকুতি, মিনতি ও বিলাপ নিয়েই বীরাঙ্গনা নাটকটি রচিত। বিষ্ণুপ্রিয়া মণিপুরি কবি, লেখক ও নাট্যকার শুভাশীস সিনহা সমীরের নির্দেশনায় গতকাল শুক্রবার ছিল আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী রাত। কমলগঞ্জের মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে নাটকের মূল চরিত্রে অভিনয় করেন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন মণিপুরি থিয়েটারের অন্যতম অভিনেত্রী জ্যোতি সিনহা। এদিন সন্ধ্যায় ছিল মণিপুরি শিল্পীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান। এতে ভারতের নৃত্যগুরু পদ্মশ্রী দর্শনা ঝাভেরী, বাংলাদেশের নৃত্যশিল্পী তামান্না রহমান ও নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। গতকাল দুই দিনব্যাপী আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য ও সংস্কৃতি উৎসব-সমাপনী অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের সঙ্গে ছিল বেদনার সুর। এর আগে শুক্রবার বেলা দেড়টায় সাংবাদিক সংগ্রাম সিংহের সভাপতিত্বে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য: নুয়া মিল্লেঙে, নুয়া থৌরাঙে’ (যুগের আলোকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার দ্বাদশ অক্ষরের সম্পাদক ও কবি সমরজিৎ সিংহ। প্রবন্ধ উপস্থাপন করেন শুভাশিস সিনহা। বিকেলে হেমকান্ত সিংহের সভাপতিত্বে ‘মণিপুরিদের জীবনমান উন্নয়নে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক মফিদুল হক। প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ রাজকান্ত সিংহ। সন্ধ্যায় চাঁদ মুরারী সিংহের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি এস কে সিনহা। উৎসব উপলক্ষে সংগ্রাম সিংহের সম্পাদনায় বাংলা বর্ণমালায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় ইথাক নামের একটি সাহিত্য সাময়িকী প্রকাশিত হয়েছে।