শেষ হলো মানবাধিকার নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণীজন সম্মাননা ও নাট্যাভিনয়ের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ আয়োজিত সপ্তম জাতীয় মানবাধিকার নাট্য উৎসব। ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে ‘বাংলা মা’র দুর্নিবার আমরা তরুণ দল/শ্রান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল’ স্লোগান নিয়ে তিন দিনের এই নাট্য উৎসব শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ এই উৎসবের আয়োজন করে। সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল বিকেল সাড়ে চারটায়। প্রথমেই ছিল নাট্যাভিনয়। পরিষদের কুষ্টিয়ার ফেয়ার নাট্যদল এম এ কাইয়ুমের নির্দেশনায় পরিবেশন করে ভোরের স্বপ্ন। জাহিদ রিপনের নির্দেশনায় ঢাকার সংগঠন স্বপ্নদল পরিবেশন করে স্বাধীনতাসংগ্রাম শীর্ষক মূকাভিনয়। এর পরেই ছিল গুণীজন সংবর্ধনা। এ পর্বে বিশিষ্ট শিল্পী মুর্তজা বশীর, শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি ও নাট্যজন অজিত মণ্ডলকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি কামাল লোহানী। সমাপনী আয়োজনে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার খোন্দকার। সমাপনী দিনের নাটকগুলোতে মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার, মানসিক স্বাস্থ্য, অধিকার ও দুর্নীতির মতো বিষয়গুলো উঠে আসে। এদিন মোট পাঁচটি নাটক পরিবেশিত হয়। হাসান আজিজুল হকের নতুন উপন্যাসদীর্ঘ সাত বছর পর প্রকাশিত হলো বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের নতুন উপন্যাস। সাবিত্রী উপাখ্যান নামের এই উপন্যাস প্রকাশিত হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। এটি তাঁর দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস আগুনপাখি প্রকাশিত হয়েছিল ২০০৬ সালে।সাবিত্রী উপাখ্যান উপন্যাসটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। কাহিনির সময় ১৯৩৮ সাল। প্রথম আলোকে হাসান আজিজুল হক বলেন, ‘১৯৩৫ সালে ভারত শাসন আইন হয়েছে। ভারতের প্রথম একটি নির্বাচন হচ্ছে। ফজলুল হকের কৃষক প্রজা পার্টি কংগ্রেসের সঙ্গে কোয়ালিশন করার চেষ্টা করলেও কোয়ালিশন হয়নি। ওদিকে জমিদারি, মহাজনি প্রথা উঠে যাচ্ছে। সমাজে তখন একটি পরিবর্তনের বহুমাত্রিক প্রক্রিয়া দেখা দিয়েছে। সে সময়ই বীরভূম এলাকায় একটি ঘটনা ঘটেছিল। ব্রাহ্মণবংশীয় এক নারী ধর্ষিতা হয়েছিলেন। সে ঘটনায় উচ্চ ও নিম্নবর্ণের হিন্দুদের সঙ্গে মুসলমানদেরও মামলায় জড়ানো হয়। ঘটনাটি তখন বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। আমি ওই সময়টির পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক পটভূমিতে নারীর অবস্থানকে তুলে ধরতে চেয়েছি। একে রাজনৈতিক উপন্যাস বলা যাবে না। অতীত থেকে এই সাম্প্রতিক কাল অবধি নারীর যে চিরন্তন অবস্থান, উপন্যাসটিতে সেই বিষয়ই প্রধান হয়ে এসেছে।’প্রকাশক জহিরুল আবেদীন জানালেন, ‘সাবিত্রী উপাখ্যান প্রকাশিত হওয়ার প্রস্তুতি ছিল ফেব্রুয়ারির অমর একুশের গ্রন্থমেলায়। কিন্তু এর মাঝে স্যারের স্ত্রীবিয়োগের বেদনাদায়ক ঘটনায় পাণ্ডুলিপি চূড়ান্ত করতে খানিকটা দেরি হয়ে যায়। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। পাওয়া যাচ্ছে এখন সারা দেশেই।’আজ থেকে শিশু একাডেমী বইমেলাশিশুদের মাঝে সত্য-সুন্দর ও শুভ ভাবনা জাগিয়ে তোলার লক্ষ্যে শিশুতোষ বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০ দিনের এই মেলা অনুষ্ঠিত হবে একাডেমী প্রাঙ্গণে।মেলা উপলক্ষে গতকাল শনিবার সকালে একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই নিয়ে তৃতীয়বারের মতো শিশুতোষ বইমেলার আয়োজন করা হচ্ছে। অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এই আয়োজনে সহায়তা করছে। মেলায় অর্ধশতাধিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। শিশুতোষ বই ছাড়াও এতে বিভিন্ন বিষয়ের সৃজন ও মননশীল বই পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ই ম গোলাম কিবরিয়া, একাডেমীর চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, পরিচালক এ বি এম জাকির হোসাইন ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ।‘গড়তে দেশ পড়বো বই, জ্ঞানের আলোয় দীপ্ত হই’ স্লোগান নিয়ে এই মেলায় প্রতিদিন থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রয়েছে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রের প্রদর্শনী। আজ বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।কর্মদিবসে বেলা তিনটা থেকে রাত আটটা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।ছায়ানটের সংগীতানুষ্ঠানসংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে ছায়ানট তাদের অন্যতম প্রতিষ্ঠাতা সংগীতজ্ঞ প্রয়াত ওয়াহিদুল হকের ৯০তম জন্মদিন উদ্যাপন করল। গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়েছিল সম্মেলক কণ্ঠের গান ‘নাই নাই ভয়’ পরিবেশনের মধ্য দিয়ে। এরপর ওয়াহিদুল হককে নিয়ে কথনে অংশ নেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী। একক-সম্মেলক গান ও পাঠের মধ্য দিয়ে এগিয়েছে অনুষ্ঠান। তানিয়া মান্নান শুনিয়েছেন ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, ‘যদি তোর ভাবনা থাকে’ পরিবেশন করেন সিফায়েত উল্লাহ। লাইসা আহমেদ লিসার কণ্ঠে ছিল ‘আমি তোমার মাটির কন্যা’। অন্য শিল্পীদের মধ্যে ছিলেন খায়রুল আনাম শাকিল, ইলোরা আহমেদ, নাসিমা শাহীন, বিমান চন্দ্র বিশ্বাস প্রমুখ। পাঠ পর্বে ছিলেন জহিরুল হক খান ও গোলাম সারওয়ার। সম্মেলক কণ্ঠে ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে’ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।চলচ্চিত্রবিষয়ক সেমিনারবাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সুবর্ণজয়ন্তী উৎসব। এরই অংশ হিসেবে গতকাল দুটি সেমিনার অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথ আয়োজনে।একাডেমীর সেমিনার হলে দুই পর্বের সেমিনারের উদ্বোধন করেন মাহবুব জামিল। সকালের পর্বে বিষয় ছিল ‘বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের পঞ্চাশ বছর অর্জন ও অতৃপ্তি’। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদুল আউয়াল। সভাপতিত্ব করেন সৈয়দ সালাউদ্দিন জাকি।বিকেলের আলোচ্য বিষয় ছিল ‘ভবিষ্যতে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভূমিকা কী হওয়া উচিত’। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহমুদুল হোসেন। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্যসচিব মোরশেদুল ইসলাম।