শেষ হলো মিলনমেলা
কাব স্কাউটদের টানা সাত দিনের নানা কার্যক্রম শেষে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণকেন্দ্রে এই কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়।গতকাল কাব ক্যাম্পুরিতে গিয়ে নিজের তাঁবুর পাশে মন খারাপ করে বসে থাকতে দেখা যায় কিশোরগঞ্জের শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট হোসেন সাজ্জাত প্রান্তকে। সে জানায়, গত সাত দিনে তার অনেক নতুন বন্ধু হয়েছে। এখন সবাইকে ছেড়ে যেতে হবে ভেবে খারাপ লাগছে।‘তাজউদ্দীন আহমদ ভিলেজ’-এর কাঁটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সামছুন নাহার জানায়, গত কয়েক দিন তারা এক পরিবারের সদস্য হয়ে ছিল।রাজশাহীর তালাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট লিডার সেলিনা বেগম জানান, গত সাত দিনে কাব স্কাউটেরা বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে যা শিখেছে, তা তাদের জন্য অনেক বড় পাওয়া। একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই শিক্ষা তাদের কাজে আসবে।কাব ক্যাম্পুরিতে অংশ নেওয়া প্রায় নয় হাজার স্কাউট গত রোববার রাতে গ্র্যান্ড ক্যাম্প ফায়ারে অংশ নেয়। গতকাল সোমবার সকালে সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. জিল্লুর রহমান উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিশেষ করণে শেষ মুহূর্তে তিনি উপস্থিত থাকতে পারেননি। এ কারণে ছোট পরিসরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।সমাপনী অনুষ্ঠানে চারটি ভিলেজের ১২টি সাবক্যাম্প থেকে বাছাইকৃত বর্ণিল ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় কাব স্কাউট, কাব স্কাউট লিডার, কন্টিনজেন্ট লিডার ও স্থানীয় নেতারা সমাপনী অনুষ্ঠান উপভোগ করেন।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটের সভাপতি মোমতাজুল ইসলাম। বক্তব্য দেন স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ প্রমুখ।বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোমতাজুল ইসলাম বলেন, ‘আমাদের ভবিষ্যৎ বংশধর, শিশু-কিশোর, তরুণ-তরুণীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট নেতাদের কর্মতৎপরতা প্রশংসনীয়।’ তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট দল গঠন করে দুই লাখ ৪০ হাজার কাব স্কাউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্কাউট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সাত দিন কাব স্কাউটরা ‘আনন্দ’ ও ‘উদ্দীপন’-এর ইভেন্টে অংশ নিয়েছে। আনন্দ ইভেন্টগুলো হচ্ছে: কিচিরমিচির, আপন ঘর, শুভ সকাল, ক্যাম্প ফায়ার, উৎসব, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। উদ্দীপনের ইভেন্টগুলি হচ্ছে: আমাদের খেলা, বন্ধু খুঁজি, কার্নিভাল, ছবি বলে, আমিও পারি, প্রযুক্তির আলো, অভিযান ও নন্দনভ্রমণ।বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজদ বলেন, এই ক্যাম্পুরির শিক্ষা স্কাউটরা নিজ নিজ জীবনে কাজে লাগাতে পারলে এই আয়োজন সফল হবে।