শেষ হলো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব
কলকাতায় শেষ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব ‘বাংলাদেশের হূদয় হতে’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোর্কি সদনে দেখানো হলো উৎসবের শেষ ছবি মোরশেদুল ইসলামের খেলাঘর। গত সোমবার উৎসব উদ্বোধন করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। চার দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ঢাকার রেইনবো চলচ্চিত্র সংসদ ও কলকাতার আইজেনস্টাইন সিনে ক্লাব।বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৩৯তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের ছবিগুলো হলো হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি ও শ্যামল ছায়া, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ ও ধ্রুবতারা, তৌকীর আহমেদের জয়যাত্রা, শহিদুল ইসলামের লাল সবুজ এবং মোরশেদুল ইসলামের খেলাঘর।আইজেনস্টাইন সিনে ক্লাবের সম্পাদক গৌতম ঘোষ প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই বাংলাদেশের ছবির টানে সিনেমাপ্রেমীরা এসেছেন। সেই নবীন থেকে প্রবীণেরা। এসেছে এই প্রজন্মের ছেলেমেয়েরাও। বাংলাদেশের ছবির প্রতি এপার বাংলার মানুষের যে তীব্র আগ্রহ আছে, তা ফুটে উঠেছে এবারের এই উৎসবে।’