শেষ হলো মেঠোসুর বাদ্যযন্ত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের হাসন রাজা স্মৃতি জাদুঘরে ৬ মার্চ শেষ হলো বাদ্যযন্ত্র মেলা। হাসন রাজা ফাউন্ডেশন ও মেঠোসুরের যৌথ এই উদ্যোগ বৃহস্পতিবার শুরু হয় এই মেলা।মেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। হাসন রাজা ফাউন্ডেশনের সভাপতি ও হাসন রাজার প্রপৌত্র দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা বলেন, ‘নতুন প্রজন্মকে এই বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ উদ্যোগ নিয়েছি। নতুন প্রজন্মের ব্যাপক আগ্রহ আমাদের আনন্দ দিয়েছে।’ তিন দিনের এই বাদ্যযন্ত্র মেলায় সংগীতাঙ্গনের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন লোকসংগীত শিল্পী আবদুল লতিফ ও চন্দ্রাবতী রায় বর্মণ এবং বাউল আব্দুর রহমান। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া মধ্যনগর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, নীলম লোকসংগীতালয়, হাসন রাজা বাউল কল্যাণ ফেডারেশনসহ স্থানীয় সংগীত দল ও সংগঠন সংগীত পরিবেশন করে। মেলায় ততযন্ত্র, আনদ্ধযন্ত্র, ঘনযন্ত্র, শুষিযন্ত্রসহ ৩২টি বাদ্যযন্ত্র প্রদর্শিত হয়। এ ছাড়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন বাদ্যযন্ত্র মেলায় স্থান পায়।