শেষ হলো রবীন্দ্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে রবীন্দ্র উৎসবের শেষ দিনে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
ছায়ানটে রবীন্দ্র উৎসবের শেষ দিনে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করে ছায়ানট। শনিবার ছিল উৎসবের শেষ দিন। সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এদিন পরিবেশিত হয় রবীন্দ্রনাথের গান থেকে কবিতা ও কবিতা থেকে গান নিয়ে সন্জীদা খাতুনের গ্রন্থনা ‘রূপে রূপে অপরূপ’। উপস্থাপিত হয় সুরতীর্থের মূল গান এবং তা থেকে ভাঙা রবীন্দ্রসংগীতের উপস্থাপন। দলীয় নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টার ও ভাবনার শিল্পীরা।
ছায়ানটের শিল্পীদের সম্মেলক গান দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর নৃত্য-গীতের সমন্বিত পরিবেশনায় অংশ নেয় ভাবনা। একক গান শোনান পাপিয়া সারোয়ার, অদিতি মহসিন, শামা রহমান, মোস্তাফিজুর রহমান, সুস্মিতা আহমেদ, দিবাকর বিশ্বাস, লিলি ইসলাম, নীলোৎপল সাধ্য, রোকাইয়া হাসিনা ও সারোয়ার হোসেন। দলীয় সংগীত পরিবেশন করে সুরতীর্থ। সম্মেলক নৃত্য পরিবেশন করে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র। রবীন্দ্রনাথ থেকে পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় উৎসব।
শিল্পকলার আয়োজন
একক ও সমবেত সংগীত, দলীয় নৃত্য, আবৃত্তি ও নৃত্যনাট্যের মাধ্যমে শনিবার শেষ হলো শিল্পকলা একাডেমী আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান। একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে একক কণ্ঠে গান শোনান ফাহিম হোসেন চৌধুরী, আছমা আজমেরী, শেখ শহীদ পারভেজ, আকিব বিন আক্তার, ফাতেমা ইয়াসমীন, মিলন দেব প্রমুখ। সমবেত সংগীত পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও গীতাঞ্জলি সংগঠন। সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয় ‘গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ’ ও ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’।
কায়া, মুখ ও মুখোশ
মুখ ও মুখোশ। এটি একটি দলীয় মুখোশ প্রদর্শনী। গ্যালারি কায়া ২০০৫ সালে প্রথম আয়োজন করে মুখোশ প্রদর্শনীর। ধারাবাহিকতায় এবার কায়ার ষষ্ঠ আয়োজন ‘মুখ ও মুখোশ-৬’। চলবে ২০ মে, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মুখোশের বাহার দেখার মতো। কাঠ, কাগজ, টেরাকোটা, প্লাস্টার অব প্যারিস, কাগজের মণ্ড (পেপিয়ার ম্যাশ), লোহা, মরিচাহীন লোহা, কাচ—আরও কত কিছু দিয়ে বানানো সেসব মুখোশ। মোট ১২১টি। দাম ৪ হাজার থেকে ৩৮ হাজার টাকার মধ্যে। কাজী রকিব, মাসুদা কাজী, সাইদুল হক জুইস, শাবিন শাহরিয়ার, দেবাশীষ পাল, রেজাউল ইসলাম লাভলু, বিশ্বজিৎ পাল, শ্যামল সরকার, আবদুর রহিম, পিন্টু চন্দ্র দেব, দেবদাস মালাকার, সন্দ্বীপ কুমার দেবনাথ, অমিত কুচ ও ঋতুপর্ণ ধর—এই ১৪ শিল্পীর তৈরি মুখোশ আছে প্রদর্শনীতে। বিচিত্র সব মুখ। রাজা-প্রজাসাধারণ, নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ, দেশি-বিদেশি—সব মুখই আছে! শুধু কি মানুষ? আছে পাখি, ঘোড়া, হাতি, মহিষের মুখোশও।
গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও সাহিত্যিক আনিসুল হক। ইমতিয়াজ আহমেদ বললেন, মুখোশ হলো সেই শিল্প, যেখানে আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িকতা একসঙ্গে আছে।
বক্তব্য দেন শিল্পী হাশেম খান। পরে তাঁরা সবাই মিলে ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেন প্রদর্শনীর।
বৈশাখী কবিতা উৎসব এবং দুটি সংকলন
‘শত প্রেমের কবিতা’ নামে এক শ প্রেমের কবিতার একটি সংকলন এবং সাহিত্য পত্রিকা এবং মানুষ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওপরের কথাগুলো বলছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ‘বৈশাখী কবিতা উৎসব ২০১৫’ অনুষ্ঠানে প্রকাশনা দুটির মোড়ক উন্মোচন করেন তিনি এবং অনুষ্ঠানের সভাপতি সাংসদ কবি কাজী রোজী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কামরুল ইসলাম, আসলাম সানী, গোলাম কিবরিয়া পিনু, সরকার মাহবুব, নিশাত খান এবং প্রধান আলোচক কবি মজিদ মাহমুদ।