
দেশজুড়ে মানবিকতার উত্থান ঘটানোর আহ্বান জানিয়ে শেষ হলো রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৪তম বার্ষিক অধিবেশন। গতকাল রোববার সকালে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় ও শেষ দিনের অনুষ্ঠান। বিকেলে সমাপনী অধিবেশনের শুরুতেই পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এবার রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় সারা দেশ থেকে পরিষদের ৮১টি শাখার প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেন। এঁদের মধ্যে কিশোর বিভাগে অনন্য মান অর্জন করে বগুড়ার সৌগত কর্মকার। এ বিভাগে প্রথম, দ্বিতীয় ও সাধারণ মান অর্জন করে ৪১ জন প্রতিযোগী। সাধারণ বিভাগে প্রথম, দ্বিতীয় ও সাধারণ মান অর্জন করে ৩৪ জন প্রতিযোগী।
দীর্ঘদিন সংগীত সাধনা ও শিক্ষায় অবদানের জন্য শিল্পী সুধীন দাশকে এবং প্রকৃতি রক্ষার জনসচেতনতা সৃষ্টির জন্য দ্বিজেন শর্মাকে রবীন্দ্রপদকে ভূষিত করা হয়। এঁদের পদক পরিয়ে দেন কবি ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক। তাঁদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন পরিষদের সভাপতি সন্জীদা খাতুন।