শেষ হলো লালন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালন সাঁইয়ের গানে গানে শেষ হলো তাঁর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত চার দিনের উৎসব। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগ আয়োজিত এই উৎসবের শেষ দিনে গতকাল সন্ধ্যায় ছিল গানের আসর। তবে দর্শকদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অনুষ্ঠানে বাউল গানের মূল সুরে যেমন গান করেছেন শিল্পীরা, তেমনি লালনের গানে নিরীক্ষাধর্মী সুর প্রয়োগ করেও ছিল কিছু পরিবেশনা।দুই ধারার শিল্পীদের গানে পরিষ্কার দুটি ভঙ্গি ধরতে সমস্যা হয়নি দর্শকদের। তবে দর্শক-শ্রোতারা যে লালনের গানের মূল সুরের গানের কোনো ব্যতিক্রমী পরিবেশনা পছন্দ করেননি, তা পরিষ্কার বোঝা গেছে বাউলদের গানে তাঁদের প্রচুর করতালি ও পছন্দের গান শোনার বারবার অনুরোধে। এটা বোঝা গেল প্রকৃত বাউলের গানের পর আরও গান শুনতে দর্শকদের অনুরোধ করা দেখে। লালন সাঁইয়ের ১২২তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এই উৎসব শুরু হয়েছিল গত ১৫ আগস্ট। একাডেমী প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি আবদুল জলিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক মাহমুদ সেলিম। আলোচনা পর্বের পর সমবেত সংগীত দিয়ে শুরু হয় গানের পালা। পরে একক গান পরিবেশন করেন শিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, অণিমা মুক্তি গমেজ, সমীর বাউল, ঢাকা সাংস্কৃতিক দল এবং সবশেষে ‘লালন ব্যান্ড’।