শেষ হলো লোকনাট্য গোষ্ঠীর নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে গতকাল লোকনাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সমাপনীতে বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ l প্রথম আলো
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে গতকাল লোকনাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সমাপনীতে বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ l প্রথম আলো

দিল্লির সম্রাট ফিরোজ শাহ তুঘলকের বাহিনী হঠাৎ আক্রমণ করে বসে বাংলা। নিষ্ঠুর সেনাপতি তাতার খাঁর নেতৃত্বে শুরু হয় নির্বিচারে গণহত্যা। বাংলার প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ডাক দেন প্রতিরোধের। শুরু করেন সোনারগাঁ, সাতগাঁও ও ঢাকা এই তিন অঞ্চল নিয়ে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার লড়াই।

দেশ অপেরার গঙ্গা থেকে বুড়িগঙ্গা যাত্রাপালার এই কাহিনি ১৪ শতকে বাংলার পটভূমিতে রচিত হলেও ১৯৭১ সালকেই যেন মনে করিয়ে দেয়। বাংলার মানুষ যে যুগে যুগে মুক্তির জন্য সংগ্রাম করেছে, এ তো তারই বয়ান। শান্তিরঞ্জন দে রচিত এই যাত্রার নির্দেশনা দিয়েছেন মিলন কান্তি দে। গতকাল এ যাত্রাপালার মঞ্চায়ন দিয়ে শেষ হলো লোকনাট্য গোষ্ঠীর তিন দিনের উৎসব।

লোকনাট্য গোষ্ঠীর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোত্সবের সমাপনীর আয়োজনে রোববার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন নাট্য সমালোচক অপূর্ব কুমার কুণ্ডু। বিষয় ‘লোকনাট্য গোষ্ঠীর পথচলায় নাটক ও যাত্রার সমন্বয়’। প্রবন্ধের ওপর আলোচনা করেন যাত্রা গবেষক তপন বাগচী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যাত্রানট হাবীব সারোয়ার। আলোচনা শেষে মঞ্চায়ন হয় যাত্রাপালাটি।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল লোকনাট্য গোষ্ঠী। নাটক মঞ্চায়নের পাশাপাশি যাত্রা নিয়েও দলটি কাজ করে।