শেষ হলো শেরপুরে যাত্রাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শেষ হয়ে আরেকটি মৌসুম আসন্ন। এই আষাঢ়েই নয়া মৌসুমের শুভ সূচনা হবে। অথচ যাত্রাগান শেষ হয়েও শেষ হচ্ছে না। দেশের বেশ কয়েকটি জেলায় এখনো পালা প্রযোজনা চলছে। দেশের বড় একটি যাত্রাদল আনন্দ অপেরার যাত্রাগান সবে শেষ হলো শেরপুর বাণিজ্য মেলায়। দলটি এর পরও ছুটিতে যাচ্ছে না। শেরপুর থেকে চলে যাবে ফরিদপুরে। এখান থেকে পালা প্রযোজনা সেরে ২৯ আষাঢ় উঠবে যশোর মহড়াবাড়ি। গতবার আনন্দের যে শিল্পী-কুশলী ছিলেন, এবার এর বেশির ভাগই পরিবর্তন করা হয়েছে। বর্তমানে গান-বাজনা চালানো হচ্ছে নয়া মৌসুমের শিল্পীদের নিয়ে। মুক্তিযুদ্ধের পালাসহ ঐতিহাসিক, সামাজিক, জীবনঘনিষ্ঠ ও পৌরাণিক পালা নিয়ে সাজানো হচ্ছে আনন্দ। আর আগামী মৌসুমে যে পালাগুলো নিয়ে আনন্দ মাঠে নামবে, এখন ওই পালাগুলোরই পরীক্ষামূলক মঞ্চায়ন হচ্ছে বিভিন্ন প্যান্ডেলে।শেরপুর প্যান্ডেলে সিরাজদ্দৌলা, মুক্তিযুদ্ধের পালা মা বিক্রির মামলা, ভক্তিমূলক পালা লালন ফকির দেখতে প্রচুর দর্শক সমাগম হয়। কখনো বৃষ্টি আবার কখনো পরিষ্কার আকাশ—এমন পরিবেশে যাত্রা দেখতে দর্শকের আগ্রহই জানান দেয়, যাত্রা জনপ্রিয় লোকজ মাধ্যম। এর প্রতি বাঙালির রয়েছে সহজাত ধর্ম, বিপুল আকর্ষণ।