শেষ হলো ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর একটি চরে বাস করেন মধ্যবয়সী হালিমা খাতুন ও শান্তি কুমারী। দীর্ঘদিন ধরে তাঁরা একসঙ্গে বসবাস করছেন। সংগত কারণে দুজনের মধ্যে সখ্য তৈরি হয়েছে। যদিও ধর্মীয় মূল্যবোধ তাঁদের জীবনবোধকে বিচিত্রগামী করছে। কিন্তু মুক্তিযুদ্ধে তাঁদের ত্যাগ পরস্পরকে এক অভিন্ন চৈতন্যে বেঁধে দিয়েছে। এ ঘটনা নিয়ে শিল্পকলা একাডেমী প্রযোজনা করেছে নাটক বিদেহ। গতকাল এই নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো নাগরিক নাট্যাঙ্গন ও উৎসব নাট্যস্বজন পর্ষদ আয়োজিত ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি প্রযোজনা বিদেহ নাটকটি লিখেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোৎসবের শেষ দিনে নাটক মঞ্চায়নের আগে গতকাল সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ। নাট্যব্যক্তিত্ব লাকী ইনামের ষাট বছর এবং মঞ্চে তাঁর অভিনয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই উৎসবের আয়োজন করা হয়।