চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল শনিবার তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। সমাপনী দিনে গতকাল ছিল আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, পুনর্মিলনী ও সংগীতানুষ্ঠান। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সায়তুহা বিনতে আলী, দ্বিতীয় তাহমিনা ফেরদৌস ও তৃতীয় হয়েছেন রিনকি শর্মা। তিনজনই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থী। এ ছাড়া ১৭ মে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ রায়হানুল ইসলাম, দ্বিতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবাশীষ দাশ এবং তৃতীয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কাজী তাজমুল ইসলাম। আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা তিন আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. কামরুল হাসান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের মায়শা ইসলাম ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শান্তনু বিশ্বাস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া সহযোগী ছিল চুয়েট নিউজ২৪.কম।