শেষ হলো সাধুসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখান দোসরপাড়া গ্রামে পদ্মহেম ধামের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল লালনসাঁই বটতলা সাধুসঙ্গ। ১১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ছিল অনুষ্ঠান। প্রথমদিন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষকে নিয়ে ভাষাশহীদদের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন বাউলেরা। সাধুসঙ্গে যোগ দেওয়ার জন্য জাপান থেকে এসেছিলেন মাকি কাউজুমি, ভারতের পশ্চিমবঙ্গ থেকে সাধন ফকির, স্বপন অধিকারী, মদন দাস বাউল (পূর্ণদাস বাউলের শিষ্য)। বাংলাদেশের প্রবীণ সাধক দরবেশ নহির শাহ, শফি মণ্ডল, রাজ্জাক বাউল, বাউল তকবীর হোসেন শাহ, পাগলা বাবলু, আজমল ফকির, আরিফ বাউল, আক্কাস দেওয়ান ও রিংকুসহ উপস্থিত বাউলেরা করেন লালনের গান। আসরের আখড়া উদ্বোধন করেন দরবেশ নহির শাহ, সাধন ফকির ও মাকি কাউজুমি।এদিন স্থানীয় সাংসদ ভাসানচর থেকে দোসরপাড়া পর্যন্ত সড়কটির নামকরণ করেন ‘লালনসাঁই বটতলা সড়ক’।গত বছর সাধুসঙ্গে আসার সময় নৌকাডুবিতে একজন সাংবাদিকসহ চারজন নিহত হয়েছিলেন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে সাধুসঙ্গের দ্বিতীয় দিন স্মৃতিফলক উদ্বোধন করেন সাংসদ ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, দরবেশ নহির শাহ। প্রতিদিন সন্ধ্যায় ছিল সাধু গুরুদের আসন গ্রহণ ও অধিবাস। পর্যায়ক্রমে মধুপূর্ণিমা সাধুসঙ্গের নামকরণ কার্যাবলি ও বিধিবিধান জ্ঞাপন, জ্ঞানরত্নকর ফকির লালন সাঁইজির জীবলীলা স্মরণ, গুরুকর্ম যন্ত্রছাড়া সমবেত কণ্ঠে গুরুদৈন্য, দীন ডাকা ও চা-মুড়ি সেবা, হালকা নাশতা, দৈন্যগানের পর রাত সাড়ে আটটা থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় লালনগীতির মূল আসর শুরু হয়ে চলে ভরা পূর্ণিমার সারা রাত। ১৩ নভেম্বর সকালে লালনশাহীর গোষ্ঠগানের মধ্য দিয়ে আসর ভাঙে।