
সাহিত্য নিয়ে আলোচনা, কবিতাপাঠ, বইয়ের প্রকাশনা আর গানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হলো দুই দিনের সার্ক সাহিত্য উৎসব। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সমাপনী দিনের কার্যক্রম চলেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাইট ফাউন্ডেশনের আয়োজনে ‘সীমানা পেরিয়ে: আস্থায় ও মিলনে’ স্লোগান নিয়ে দুই দিনের এই উৎসব শুরু হয়েছিল গত বৃহস্পতিবার।
গতকাল অধিবেশন শুরু হয়েছিল সকাল সাড়ে নয়টায়। আলোচনায় অংশ নেন প্রতিভা রায়, ফারহিন চৌধুরী, কেশাব সিগদেল ও প্রকাশ সুবেদী। সভাপতিত্ব করেন নূরুল হুদা। এরপর ছিল আসাদ চৌধুরীর সভাপতিত্বে কবিতাপাঠ। দুপুরের অধিবেশনে ইউপিএল থেকে প্রকাশিত অনন্যা কবীরের ১৯৪৭, ১৯৭১ অ্যান্ড মডার্ন সাউথ এশিয়া: পার্টিশনস পোস্ট অ্যামনিশিয়াস বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। আলোচনায় অংশ নেন রিতু মেনন ও হামিদুল মিসবাহ। সভাপতিত্ব করেন মহিউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ফখরুল আলম।
বিকেলে ছিল হাবিবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে কবিতাপাঠ। এরপর আলোচনা পর্বে অংশ নেন আনিস আহমেদ ও মারিয়া চৌধুরী। সভাপতিত্ব করেন ফখরুল আলম।
সন্ধ্যায় সমাপনী অধিবেশনে ছিল সমরেশ মজুমদার, কামাল চৌধুরী ও কায়সার হকের আলোচনা। সমাপনী বক্তব্য দেন রাইট ফাউন্ডেশনের সভাপতি সেলিনা হোসেন। ধন্যবাদ জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুবানা হক। ইব্রাহীম ওয়াহিদের গানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
শিশুদের কলকাকলিতে মুখর শহীদ মিনার
শিশুদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয়েছিল শিশুদের চিত্রাঙ্কন ও বাংলা বর্ণ লেখা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ সম্মানীয় অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। পুরস্কার বিতরণ শেষে ছিল একাডেমির শিশুদের অংশগ্রহণে ‘আমার মধুর বাংলা ভাষা’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান ।
কত অজানারে জানাইতে চাই
ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আজ শনিবার শুরু হচ্ছে শিল্পী নাজমা আক্তারের ‘কত অজানারে জানাইতে চাই’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি হিসেবে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং শিল্প সমালোচক ও স্থপতি সামসুল ওয়ারেস।
প্রদর্শনী উপলক্ষে গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থপতি সামসুল ওয়ারেস, শিল্পী নাজমা আক্তার এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান। প্রদর্শনীতে মোট চিত্রকর্মে রয়েছে ৬১টি। চলবে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।
আজ থেকে শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব
‘শিশুবান্ধব সমাজ চাই’ স্লোগান নিয়ে আজ থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হচ্ছে আট দিনের জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর সহায়তায় এই উৎসবের আয়োজন করেছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন।
আজ বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। উৎসব চলবে ৮ মার্চ পর্যন্ত।
উদীচীর গণসংগীত প্রতিযোগিতা
গণসংগীতের চর্চা ও প্রসারের লক্ষ্যে উদীচী শিল্পীগোষ্ঠী দেশব্যাপী গণসংগীত প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও উৎসব। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ঢাকা মহানগরের প্রতিযোগিতা। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে এই প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি বিভাগে একক প্রতিযোগী এবং বিভিন্ন সংগঠন অংশ নেয়। পরে মহানগর উদীচী সভাপতি কাজী মোহাম্মদ শীশ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।