নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী উত্সব শেষ হলো গতকাল শুক্রবার। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বিকেলে সমাপনী অনুষ্ঠানে ছিল সম্মাননা প্রদান। সন্ধ্যায় ছিল নাটক আর নাটক শেষে রাতে ফানুস ওড়ানো। এবারের উত্সবের স্লোগান ছিল ‘উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে আমাদের যাত্রা’। উত্সবে ভিন্ন মাত্রা যোগ হয়েছিল উয়ারী-বটেশ্বরের প্রত্ন নিদর্শনের বিশেষ প্রদর্শনী। সেই প্রদর্শনীও শেষ হলো উত্সবের সঙ্গে। যৌথভাবে এই উত্সবের আয়োজন করেছিল সেলিম আল দীন ফাউন্ডেশন শিল্পকলা একাডেমী। সহযোগিতায় ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার।সমাপনী সন্ধ্যায় গতকাল শুক্রবার দুটি নাটক মঞ্চস্থ হয়েছে। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে কলকাতার তৃতীয় সূত্র মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বিসর্জন। নির্দেশনা দিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পরীক্ষণ থিয়েটারে ঢাকার নাট্যদল সময় মঞ্চস্থ করে তাওফিক আল-হাকীমের নাটক শেষ সংলাপ। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। এ ছাড়া স্টুডিও থিয়েটারে হাসান আরিফের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিল আবৃত্তি প্রযোজনা আমার রবীন্দ্রনাথ।এর আগে বিকেলে নাট্যশালা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে ‘মীর মকসুদ-উস-সালেহীন—বজলুল করিম সম্মাননা ও ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক প্রদান করা হয়। মীর মকসুদ-উস-সালেহীন—বজলুল করিম সম্মাননা পেয়েছেন নাজমা আনোয়ার (মরণোত্তর-২০১০) এবং অভিনেতা মাসুদ আলী খান (২০১২)। পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয় ২০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও উত্তরীয়। ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক পেয়েছেন বাবুল বিশ্বাস (২০১০) এবং ত্রপা মজুমদার (২০১২)। এ ছাড়া উয়ারী-বটেশ্বরে প্রত্নখননের প্রধান সুফি মেস্তাফিজুর রহমানকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান জানানো হয়। তাঁদের দেওয়া হয় ১০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও উত্তরীয়। দুই বছর পর পর এই সস্মাননা ও পদক দেওয়া হয়। পদক প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্সব আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ। তিনি উত্সবে অংশ নিয়ে আসা দর্শক, নাট্যকর্মীসহ সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা চেয়েছিলাম এই উত্সবের মধ্য দিয়ে মানুষকে ইতিহাসের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। সাধারণ দর্শক যে বিপুল সাড়া দিয়েছে এবং উয়ারী-বটেশ্বরের প্রত্ননিদর্শনের প্রতি তারা যে আগ্রহ প্রকাশ করেছে, তা আমাদের এই আয়োজনকে সফল করে তুলেছে।