শেষ হলো সেলিম আল দীন জন্মোৎসব
সকালে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর সন্ধ্যায় নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো সেলিম আল দীন স্মরণে নাট্যোৎসব। গত শনিবার শিল্পকলা একাডেমীতে সেলিম আল দীন স্মরণে দুটি উৎসব শুরু হয়েছিল। জাতীয় নাট্যশালায় যৌথভাবে উৎসবের আয়োজন করে সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী। স্টুডিও থিয়েটারে অন্য উৎসবটির আয়োজক স্বপ্নদল।
গতকাল সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন নেসা এবং বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর পুরোনো কলা ও মানবিক অনুষদে সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক লুৎফর রহমান।
বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত নাটক ধাবমান। এটি নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যায় জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের লেখা নাটক হরগজ-এর মঞ্চায়নের মধ্য দিয়ে স্বপ্নদলের উৎসবটি শেষ হয়।