গণিতে দেশের সেরা ১০ শিক্ষার্থীকে পুরস্কার দিয়ে শেষ হলো ষষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৪। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে দিনব্যাপী এই অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম, দ্বিতীয় খুলনা বিশ্ববিদ্যালয়ের মো. তৈয়বুর রহমান ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিহাব আহমেদ।
মেধাক্রম অনুযায়ী অন্য বিজয়ীরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনায়েদ কামাল, বুয়েটের ইমতিয়াজ মোস্তাফিজ ও আহমেদ নাজিম উদ্দিন, উত্তরা বিশ্ববিদ্যালয়ের মো. তরিকুল ইসলাম, যশোর এম এম কলেজের মো. জাহাঙ্গীর হোসেন, বুয়েটের নাসিম ইকতেদার এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মো. লেলিন চৌধুরী।
সকালে অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানু, অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। পরে অতিথি, আয়োজক ও প্রতিযোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ফ ম খোদাদাদ খান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।