শেষ হলো হে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টায় বাউল গান দিয়ে দিনের শুরু, রাত আটটায় বাংলা কবিতা দিয়ে দিনের শেষ। মাঝখানে বহুমাত্রিক আলোচনা। এরই মাঝে বই কেনা, আড্ডা আর গরম কফিতে হালকা চুমুক। তিন দিনের হে উৎসবের শেষ দিনে গতকাল শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণ পরিণত হয় প্রাণের মেলায়।
এক মুক্তিযোদ্ধার স্মৃতিকথা: একাত্তরে মাত্র ১৬ বছর বয়সী শাহজামান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান। বিকেল পৌনে পাঁচটায় কসমিক টেন্টে উদ্বোধন হয় তাঁর একাত্তরের স্মৃতিকথা গেরিলা । বইটি প্রকাশ করেছে ডেইলি স্টার বুকস। বইয়ের উদ্বোধনের পর উপস্থিত শ্রোতাদের নানা প্রশ্নের জবাব দেন লেখক শাহজামান চৌধুরী।
একজন কূটনীতিক, রাজনীতিক ও সাহিত্যিক: বিকেল সাড়ে পাঁচটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন জমে ওঠে কূটনীতিক, রাজনীতিক ও সাহিত্যিক শশী থারুরের সঙ্গে কে আনিস আহমেদের আলাপচারিতায়। ভারতের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুর।
আলাপচারিতা শুরু হয়েছিল শশী থারুরের দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল বইটির রজতজয়ন্তী প্রকাশনা নিয়ে। এই বইতে হিন্দু পুরাণ মহাভারতকে থারুর চিত্রায়িত করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী তিন দশকের রাজনীতির প্রেক্ষাপটে। মহাভারতের বিভিন্ন চরিত্রকে তিনি ভারতের রাজনীতিকদের চরিত্রে রূপ দিয়েছেন। কিন্তু আলোচনাকালে শশী থারুর প্রসঙ্গ পাল্টে ভারতের রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।
দিনভর আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা: বেলা সোয়া ১১টায় মূল মঞ্চে ‘চায়না ওল্ড অ্যান্ড নিউ’ অধিবেশনে চীন নিয়ে নানা আলোচনা করেন চীনা লেখক জুং চ্যাং, হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল পুয়েট। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান ও প্যাট্রিক ফ্রেঞ্চ সঞ্চালনা করেন। জুন চ্যাং বলেন, চীনের এগিয়ে যাওয়া তাঁকে আনন্দ দেয়। কিন্তু তাঁর সব বই-ই চীনে নিষিদ্ধ।।
লেখকদের আন্তর্জাতিক সংস্থা পেন ইন্টারন্যাশনালের সভাপতি জন রালস্টন সলকে নিয়ে ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ড’ নামে আরেকটি অধিবেশন হয় দুপুরে। সঞ্চালনা করেন সাংবাদিক সলিল ত্রিপাঠি। সল বলেন, লেখকদের ট্যাংক, মিলিটারি ইত্যাদি না থাকলেও বিশ্বব্যাপী তাঁরাই সবচেয়ে আক্রমণের শিকার।